• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

চায়ের জেলায় আঙুরের চাষ, নতুন সম্ভাবনার হাতছানি

পঞ্চগড় প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:৪০, ৪ জুন ২০২৬

ফন্ট সাইজ
চায়ের জেলায় আঙুরের চাষ, নতুন সম্ভাবনার হাতছানি

এবার সমতলের মাটিতে সবুজ পাতার ফাঁকে দোল খাচ্ছে টসটসে লাল-সবুজ আঙুর। এতোদিন দেশের বাজারে বিদেশ থেকে আসলেও এখন সেই আঙুরই ফলছে পঞ্চগড়ের সমতলের মাটিতে।  

উত্তরের কৃষিনির্ভর জেলা পঞ্চগড়। এখানকার মাটিতে ইতোমধ্যে সফল হয়েছে চা, কমলা ও ড্রাগন ফলের চাষ। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের প্রধানপাড়া এলাকায় পরীক্ষামূলকভাবে গড়ে তোলা হয়েছে একটি আঙুর বাগান। ৫০ শতক জমির ওপর গড়ে ওঠা বাগানটিতে রয়েছে প্রায় ৪০০টি বাইনকুর জাতের আঙুর গাছ। মাত্র ১১ মাস বয়সেই অধিকাংশ গাছে এসেছে থোকায় থোকায় ফল।

বাগানটির উদ্যোক্তা মনিরুজ্জামান সুমন চাকরির কারণে এলাকার বাইরে থাকায় পুরো বাগানের পরিচর্যার দায়িত্ব পালন করছেন স্থানীয় যুবক মিরাজ। সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষ করা এই বাগানে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা। তবে ফলন দেখে আশাবাদী উদ্যোক্তা ও সংশ্লিষ্টরা।

সমতলের মাটিতে আঙুর চাষে এমন সফলতা আগে চোখে না পড়ায় প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন বাগানটি দেখতে। কেউ ছবি তুলছেন, কেউ জানতে চাইছেন আঙুর চাষের খুঁটিনাটি। 

দেশে আঙুরের ব্যাপক চাহিদা থাকলেও এর বড় অংশ আমদানি করতে হয় বিদেশ থেকে। কৃষি বিভাগ বলছে, স্থানীয়ভাবে আঙুর উৎপাদন বাড়ানো গেলে কমবে আমদানি নির্ভরতা, বাড়বে কৃষকের আয়। পাশাপাশি তৈরি হবে নতুন অর্থনৈতিক সম্ভাবনা।

সবুজ পাতার আড়ালে ঝুলে থাকা প্রতিটি আঙুরের থোকা যেন এক একটি সম্ভাবনার গল্প। যে গল্প হয়তো আগামী দিনে উত্তাঞ্চলের কৃষকদের জন্য খুলে দিতে পারে আয়ের নতুন দুয়ার এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। 
 

বিভি/এসজি

মন্তব্য করুন: