ডিক্যাব ও বাংলাদেশ-চীন আপন মিডিয়া ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক সই
চীন ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে সম্পর্ক, পেশাগত যোগাযোগ এবং তথ্য বিনিময় আরও জোরদার করতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) এবং বাংলাদেশ-চীন আপন মিডিয়া ক্লাব।
রবিবার (৭ জুন) রাজধানীর আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। নিজ নিজ সংগঠনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ডিক্যাবের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এবং বাংলাদেশ-চীন আপন মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক অলিভিয়া ছু।
অনুষ্ঠানে ডিক্যাবের প্রতিনিধিদের স্বাগত জানিয়ে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী বলেন, চীন ও বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে ডিক্যাবের সদস্যরা চীন সরকারের আমন্ত্রণে দেশটি সফর করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের গণমাধ্যম সহযোগিতা আরও বিস্তৃত হবে এবং ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশি সাংবাদিক চীন সফরের সুযোগ পাবেন।
চুক্তি স্বাক্ষর শেষে ডিক্যাবের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বলেন, বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আন্তর্জাতিক কূটনীতির বিভিন্ন বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্য আদান-প্রদানে এই চুক্তি নতুন দিগন্ত উন্মোচন করবে। পাশাপাশি দুই দেশের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রও সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসান হাফিজ, মাইনুল হাসান সোহেল, এ কে এম মহসিন, কামরুল হাসান দর্পণ, মোহাম্মদ কাওসার উদ্দিন, হাসান শরীফ এবং সুদীপ্ত আহমেদ আনন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ-চীন আপন মিডিয়া ক্লাব ২০২৪ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। অন্যদিকে, ডিক্যাব গত ২৬ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের অন্যতম শীর্ষ সংগঠন হিসেবে কাজ করে আসছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: