জাতিসংঘের ডব্লিউএসআইএস ফোরামে উচ্চপর্যায়ের অংশগ্রহণকারী নির্বাচিত বজলুর রহমান
ছবি: এ এইচ এম বজলুর রহমান
বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন, বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান জাতিসংঘের তথ্যসমাজবিষয়ক বিশ্ব শীর্ষ সম্মেলন (ডব্লিউএসআইএস) ফোরাম ২০২৬ এ উচ্চপর্যায়ের অংশগ্রহণকারী হিসেবে নির্বাচিত হয়েছেন।
ফোরামটি আগামী ৬ থেকে ১০ জুলাই ২০২৬ সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে। UN WSIS Forum 2026 যৌথভাবে আয়োজন করবে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) এবং সুইস কনফেডারেশন। ফোরামটি জেনেভার আইটিইউ সদর দপ্তর এবং প্যালেক্সপোতে অনুষ্ঠিত হবে। এতে দূরবর্তী অংশগ্রহণের সুযোগও আরও জোরদার করা হবে। এই আয়োজন সহ-আয়োজন করবে আইটিইউ, ইউনেস্কো, ইউএনডিপি ও ইউএনসিট্যাড। পাশাপাশি জাতিসংঘের ৫০টির বেশি সংস্থা অংশীদার হিসেবে যুক্ত থাকবে।
ডব্লিউএসআইএস ফোরাম ২০২৬ বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এটি জাতিসংঘ সাধারণ পরিষদে অনুষ্ঠিত ডব্লিউএসআইএস+২০ পর্যালোচনার পর প্রথম বার্ষিক ডব্লিউএসআইএস ফোরাম। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবে ডব্লিউএসআইএস ফোরামকে তথ্যসমাজবিষয়ক সংলাপের বৈশ্বিক বহুপক্ষীয় প্ল্যাটফর্ম হিসেবে পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে ফোরামটি প্রতিবছর নিয়মিত আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।
ডব্লিউএসআইএস ফোরাম হলো ডব্লিউএসআইএস অ্যাকশন লাইনসমূহ বাস্তবায়ন এগিয়ে নেওয়া এবং বৈশ্বিক ডিজিটাল সহযোগিতা জোরদারের একটি কেন্দ্রীয় বহুপক্ষীয় প্ল্যাটফর্ম। সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ, কারিগরি সম্প্রদায়, শিক্ষাঙ্গন, তরুণ সমাজ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো এই ফোরামে সংলাপ, সহযোগিতা ও কার্যকর উদ্যোগের জন্য একত্রিত হয়।
২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে বিএনএনআরসি বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল উন্নয়ন এগিয়ে নিতে ধারাবাহিক ও কৌশলগত ভূমিকা পালন করে আসছে। জনগণকেন্দ্রিক, অধিকারভিত্তিক ও কমিউনিটিনির্ভর দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রতিষ্ঠানটি গণমাধ্যম উন্নয়ন, ডিজিটাল রূপান্তর, ডিজিটাল গণতন্ত্র এবং তথ্যের অখণ্ডতাকে একটি অভিন্ন কাঠামোর মধ্যে যুক্ত করেছে। এর মাধ্যমে বিএনএনআরসি মানুষকেন্দ্রিক, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী তথ্যসমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে।
বিএনএনআরসির কাজের একটি বিশেষ দিক হলো, প্রতিষ্ঠানটি ডব্লিউএসআইএস প্রক্রিয়ার বৈশ্বিক নীতি ও অঙ্গীকারকে বাংলাদেশের জাতীয় প্রেক্ষাপট এবং স্থানীয় বাস্তবতার সঙ্গে যুক্ত করে বাস্তবভিত্তিক উদ্যোগে রূপ দিয়েছে। আন্তর্জাতিক প্রতিশ্রুতি কীভাবে জাতীয় ও কমিউনিটি পর্যায়ে কার্যকর, অর্থবহ এবং মানুষের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত হতে পারে, বিএনএনআরসির কাজ তার একটি বাস্তব উদাহরণ।
ডব্লিউএসআইএস ফোরাম ২০২৬-এ এ এইচ এম বজলুর রহমানের অংশগ্রহণ বাংলাদেশে গণমাধ্যম উন্নয়ন, ডিজিটাল রূপান্তর, ডিজিটাল গণতন্ত্র এবং তথ্যের অখণ্ডতা বিষয়ে অভিজ্ঞতা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। বিশেষ করে ডব্লিউএসআইএস অ্যাকশন লাইন সি১ - সি১১ বাস্তবায়ন, জাতিসংঘের বৈশ্বিক ডিজিটাল চুক্তি এর ফলোআপ, জাতিসংঘের ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম প্রক্রিয়া, জাতিসংঘের ভবিষ্যতের জন্য চুক্তি (Pact for the Future), দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নাগরিক অংশগ্রহণ বিষয়ে বাংলাদেশ ও গ্লোবাল সাউথের অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ থাকবে।
ডব্লিউএসআইএস ফোরাম ২০২৬ সদস্যরাষ্ট্র ও অংশীজনদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি করবে, যেখানে তারা ডব্লিউএসআইএস+২০ পর্যালোচনা থেকে উদ্ভূত অঙ্গীকার বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে অভিজ্ঞতা, অগ্রাধিকার ও করণীয় বিনিময় করতে পারবেন। ফোরামটি ডিজিটাল অন্তর্ভুক্তি, উদীয়মান প্রযুক্তি, তথ্যের অখণ্ডতা, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, সাইবার নিরাপত্তা, বহুভাষিক ডিজিটাল পরিবেশ এবং টেকসই ডিজিটাল উন্নয়ন বিষয়ে নবায়িত বৈশ্বিক সহযোগিতার কৌশলগত ক্ষেত্র হিসেবে কাজ করবে।
ডব্লিউএসআইএস প্রক্রিয়া যখন WSIS 2035-এর দিকে এগিয়ে যাচ্ছে, তখন বিএনএনআরসি এই অংশগ্রহণকে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক, মানুষকেন্দ্রিক ও উন্নয়নমুখী ডিজিটাল রূপান্তর শক্তিশালী করা এবং ডব্লিউএসআইএস প্রক্রিয়ার মাধ্যমে বৈশ্বিক ডিজিটাল সহযোগিতায় অবদান রাখার ধারাবাহিক অঙ্গীকারের অংশ হিসেবে দেখছে।
উল্লেখ্য, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন বা বিএনএনআরসি বাংলাদেশে গণমাধ্যম উন্নয়ন, কমিউনিটি মিডিয়া, ডিজিটাল অন্তর্ভুক্তি, যোগাযোগ অধিকার, ডিজিটাল গণতন্ত্র, তথ্যের অখণ্ডতা এবং মানুষকেন্দ্রিক ডিজিটাল রূপান্তর এগিয়ে নিতে কাজ করে। ২০০৫ সাল থেকে প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রেক্ষাপটে ডব্লিউএসআইএস অ্যাকশন লাইনসমূহ বাস্তবায়নে সক্রিয়ভাবে যুক্ত।



মন্তব্য করুন: