এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় জায়গা পেলেন ৩ বাংলাদেশি
ছবি: ড. তাহমিদ আহমেদ (বায়ে), মারজানা আক্তার (মাঝে) ও ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন শায়ক (ডানে)
গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন তিন বাংলাদেশি বিজ্ঞানী। সিঙ্গাপুরভিত্তিক বিজ্ঞান সাময়িকী এশিয়ান সায়েন্টিস্ট প্রতিবছরের মতো এবারও এই তালিকা প্রকাশ করেছে। চলতি বছরের তালিকায় জায়গা পেয়েছেন গবেষক মারজানা আক্তার, ড. তাহমিদ আহমেদ এবং ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন শায়ক।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক স্নাতকোত্তর শিক্ষার্থী মারজানা আক্তার প্রথমবারের মতো বাংলাদেশের পোলট্রি খাতে একটি বিশেষ ভাইরাস শনাক্ত করেন। তার এই গবেষণা ভাইরোলজি গবেষণায় নতুন মাত্রা যোগ করেছে। এ ছাড়া ২০২৫ সালে তিনি জাতিসংঘের মর্যাদাপূর্ণ ‘ইয়াং উইমেন ফর বায়োসিকিউরিটি ফেলোশিপ’ অর্জন করেন।
অন্যদিকে icddr,b-এর নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ দীর্ঘদিন ধরে মা ও শিশুর পুষ্টিহীনতা দূরীকরণ এবং ডায়রিয়া প্রতিরোধে কাজ করে যাচ্ছেন। জনস্বাস্থ্য গবেষণায় তার অবদান আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে।
এ ছাড়া Bangladesh University of Textiles-এর শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন শায়ক কম কার্বন নির্গমন ও পরিবেশবান্ধব প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন। তার উদ্ভাবিত ‘ডিকার্বোনাইজেশন ল্যাব’ প্রকল্পে কম ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কাপড়ে রং করার প্রযুক্তি নিয়ে কাজ হচ্ছে, যা টেকসই ফ্যাশন শিল্পে নতুন সম্ভাবনা তৈরি করেছে। সূত্র: এশিয়ান সায়েন্টিস্ট
বিভি/এমআর



মন্তব্য করুন: