• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

সাবান তৈরির ছোট উদ্যোগ থেকে আন্তর্জাতিক বাজারে রেনেসাঁর ‘টুকিটাকি’

রাঙ্গামাটি প্রতিনিধি 

প্রকাশিত: ১২:৫৬, ৩০ মে ২০২৬

আপডেট: ১২:৫৬, ৩০ মে ২০২৬

ফন্ট সাইজ
সাবান তৈরির ছোট উদ্যোগ থেকে আন্তর্জাতিক বাজারে রেনেসাঁর ‘টুকিটাকি’

করোনার ধাক্কায় বন্ধ হয়ে গিয়েছিলো টিউশনি। থমকে গিয়েছিলো পড়াশোনা, অনিশ্চয়তায় পড়ে গিয়েছিলো ভবিষ্যৎ। কিন্তু সেই সংকটই হয়ে ওঠে নতুন পথচলার শুরু। ইউটিউব দেখে ঘরে বসে সাবান বানানো শুরু করেছিলেন রাঙ্গামাটির পাহাড়ি তরুণী রেনেসাঁ চাকমা। ছোট্ট সেই উদ্যোগই আজ রূপ নিয়েছে সফল অনলাইনভিত্তিক ব্র্যান্ড ‘টুকিটাকি’-তে। পাহাড়ের ঘরে তৈরি পণ্য এখন তার হাত ধরে পৌঁছে যাচ্ছে দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও। 

পার্বত্য রাঙ্গামাটির এই নারী উদ্যোক্তার গল্প মূলত সংগ্রাম আর আত্মবিশ্বাসের গল্প। মাত্র সাড়ে চার বছর বয়সে বাবাকে হারান রেনেসাঁ। অভাব-অনটনের মধ্যেই বড় হয়েছেন। বহুবার বন্ধ হওয়ার উপক্রম হয়েছিলো পড়াশোনা। তবুও টিউশনি করে নিজের শিক্ষাজীবন চালিয়ে গেছেন উদ্ভিদবিদ্যার এই শিক্ষার্থী।

২০২০ সালের করোনা মহামারিতে টিউশনি বন্ধ হয়ে গেলে চরম সংকটে পড়েন তিনি। তখনই ইউটিউব দেখে হোমমেইড পণ্য তৈরির প্রশিক্ষণ নেন। প্রথমে তৈরি করেন নিম ফেসিয়াল সাবান। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই পণ্যের ছবি পোস্ট করতেই আসে আশাতীত সাড়া। এরপর ধীরে ধীরে শুরু হয় ‘টুকিটাকি’র পথচলা।

বর্তমানে তার প্রতিষ্ঠানে কাজ করছেন প্রায় ১০ জন নারী। তুলসী সাবান, ফেসওয়াশ, বুটিক পোশাক, পাহাড়ি হলুদ, মরিচসহ ২০টিরও বেশি পণ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে তৈরি এসব পণ্যের চাহিদাও বাড়ছে দিন দিন।

নিজের সফলতার পাশাপাশি পাহাড় ও সমতলের হাজারেরও বেশি নারীকে প্রশিক্ষণ দিয়েছেন রেনেসাঁ চাকমা। নারী উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে পেয়েছেন ‘অদম্য নারী পুরস্কার’। অভাবকে হার মানিয়ে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া এই পাহাড়ি নারীর গল্প আজ অনেকের জন্যই এক অনুপ্রেরণার নাম।
 

বিভি/এসজি

মন্তব্য করুন: