• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

অকেজো দুই পা, তবু মানুষের সেবায় অনন্য দৃষ্টান্ত আশির উদ্দীন

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:২৫, ২ জুন ২০২৬

ফন্ট সাইজ
অকেজো দুই পা, তবু মানুষের সেবায় অনন্য দৃষ্টান্ত আশির উদ্দীন

জন্ম থেকেই দুই পা অকেজো। তবু জীবনযুদ্ধের কখনো হার মানেননি তিনি। সকল প্রতিকূলতাকে পেছনে ফেলে সংগ্রাম, আত্মবিশ্বাস আর আত্মমর্যাদার এক অনন্য দৃষ্টান্ত গড়েছেন তিনি। নিজের সীমাবদ্ধতাকে শক্তিতে পরিণত করে আজ তিনি শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার মানুষের আস্থার জায়গা হয়ে উঠেছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আশির উদ্দীনের কথা। 

মাত্র এক বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে হারান দুই পায়ের শক্তি। অন্যদের মতো দৌড়ে বেড়ানো, খেলাধুলা কিংবা স্বাভাবিকভাবে চলাফেরা করার সুযোগ আর কখনো পাননি। বন্ধুদের সহায়তায় ঠেলাগাড়িতে করে স্কুলে গেছেন, সংগ্রাম করে শেষ করেছেন লেখাপড়া। পরে কৃষি ডিপ্লোমা সম্পন্ন করার পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে গড়ে তুলেছেন নিজের কর্মজীবন।

বর্তমানে রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদে প্রায় ১৫ বছর ধরে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন তিনি। জন্মনিবন্ধন, নাগরিক সনদ, অনলাইন আবেদনসহ নানা ডিজিটাল সেবা নিতে প্রতিদিনই তার কাছে ভিড় করেন সাধারণ মানুষ। সেই আয় দিয়েই স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছেন আশির।

চা বিক্রেতা বাবা আর অন্যের বাড়িতে কাজ করা মায়ের অদম্য ত্যাগ ও উৎসাহই ছিল তার এগিয়ে যাওয়ার প্রেরণা। দারিদ্র্য, শারীরিক সীমাবদ্ধতা কিংবা সামাজিক প্রতিবন্ধকতা কোনোটিই তাকে ভিক্ষাবৃত্তির পথে নিতে পারেনি। বরং নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হয়েছেন একজন সেবাদানকারী হিসেবে।

প্রতিবন্ধকতা অজুহাত নয়, শক্তিতে রূপ দিয়েছেন আশির উদ্দীন। দুই পায়ে দাঁড়াতে না পারলেও আত্মমর্যাদা আর ইচ্ছাশক্তির ওপর ভর করেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন তিনি। তার জীবনগল্প যেন মনে করিয়ে দেয় শরীর নয় বরং মানুষের সবচেয়ে বড় শক্তি তার মনোবল। 

বিভি/এসজি

মন্তব্য করুন: