বিশ্বকাপ মিশনে নামছে ফ্রান্স, খেলা দেখবেন যেভাবে
২০২২ সালে কাতারে স্বপ্ন ভঙ্গ হয়েছে ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে। সেটি নাহলে টানা দ্বিতীয় শিরোপা উঁচিয়ে ধরত ফ্রান্স। সেই ক্ষত ভুলে উত্তর আমেরিকার মাটিতে নতুন মিশন শুরু করতে যাচ্ছে তারা। এবারও বিশ্বকাপের অন্যতম ফেভারিট কিলিয়ান এমবাপ্পে-ওসমান দেম্বেলেরা।
আজ মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ‘আই’ গ্রুপের ম্যাচে তাদের প্রতিপক্ষ আফ্রিকার দেশ সেনেগাল। এই গ্রুপের প্রথম ম্যাচ হতে যাচ্ছে ফ্রান্স-সেনেগালের এই লড়াই।
দুই মহাদেশের দুই দলের এই লড়াই বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভি। অনলাইনে দেখা যাবে টফি, বায়োস্কোপ প্লাস, আই-স্ক্রিণ, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপে।
দুই দলের শক্তির পার্থক্য স্পষ্ট করতে একটি উদাহরণই যথেষ্ট। টানা দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স। ২০১৮ সালে রাশিয়ায় ২০ বছর পরে উঁচিয়ে ধরেছিল দ্বিতীয় শিরোপা। এরপর ২০২২ সালে কাতারে রোমাঞ্চকর লড়াই শেষে স্বপ্ন ভঙ্গ হয়েছে টাইব্রেকারে হেরে।
এবারের বিশ্বকাপেও অন্যতম ফেভারিট ফ্রান্স। লক্ষ্য-- টানা তৃতীয়বার ফাইনাল খেলা। দলটির সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে ইতোমধ্যেই বিশ্বকাপে ১২ গোলে করে পেলের রেকর্ড ছুঁয়েছেন। এবার তার সামনে কেবল মিরোস্লাব ক্লোসা। সর্বশেষ মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে এবার ক্লোসাকেও ছাড়িয়ে যেতে পারেন।
তার সঙ্গে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো ওসমান দেম্বেলে, ফাইনালে খেলা আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম স্যালিবা কিংবা মার্কাস থুরামরাও আছেন ভালো ছন্দে।
অন্যদিকে, তুলনা মূলক দুর্বল শক্তির হলেও বিশ্বমঞ্চে অঘটন ঘটানোর ক্ষমতা আগেও দেখিয়েছে সেনেগাল। ২০০২ বিশ্বকাপে তারা অভিষেকেই তৎকালীন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল। এবার তাদের লক্ষ্য থাকবে সেদিকেই।
দুই দলের সম্ভাব্য একাদশ
ফ্রান্স : মাইক মাইগনান, জুলস কুন্দে, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম স্যালিবা, থিও হার্নান্দেজ, অরেলিয়েন চুয়ামেনি, এদ্রিয়েন রাবিও, ওরেলিয়েন জাইরে এমেরি, কিলিয়ান এমবাপ্পে, মার্কাস থুরাম, উসমান ডেম্বেলে।
সেনেগাল : এদোয়ার্ড মেন্ডি, কালিদু কুলিবালি, আব্দুলায়ে সেক, ইসমাইল জাকবস, মুসা নিয়াকাতে, ইদ্রিসা গেয়, পাপ মাতার সার, লামিন কামারা, সাদিও মানে, ইলিমান এনদিয়ায়ে, নিকোলাস জ্যাকসন।

স্পোর্টস ডেস্ক