প্রথমার্ধে ফ্রান্সের ওপর ছড়ি ঘোরাল সেনেগাল
ফেভারিটের তকমা নিয়েই মাঠে নেমেছিল ফ্রান্স। ম্যাচ তো বটেই এবারের আসরেরই ফেভারিট কিলিয়ান এমবাপ্পে-ওসমান দেম্বলেরা। তবে মাঠের খেলায় তেমনটা দেখা গেলো না। বল দখলে এগিয়ে থাকলেও নিরুত্তাপ প্রথমার্ধে যে দুয়েকটা আক্রমণ হলো সেটাও এলো ‘আন্ডারডগ’ সেনেগালের কাছে থেকেই। শেষ দিকে বল নিয়ে সেনেগালের অর্ধে কিছুটা সময় কাটালেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি এমবাপ্পে-মাইকেল ওলিসেরা। উল্টো শেষ মুহূর্তে ইসমাইলা সার-এর ভুলে বেঁচে গেছে ফ্রান্স।
আজ বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় ‘আই’ গ্রুপের ম্যাচে নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। প্রথমার্ধ শেষে গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে গেছে দুই দল।
পরিসংখ্যান বলছে, প্রথমার্ধে ৫৬ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য মোটে একটি শট নিতে পেরেছে ফ্রান্স। সেটিও লক্ষ্যে ছিল না। বিপরীতে, ৪৪ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ৫টি শট নিয়েছে সেনেগাল। যার মধ্যে লক্ষ্যে ছিল একটি।
ম্যাচে গোলের জন্য প্রথম শট নেয় সেনেগাল। সপ্ত মিনিটে নেওয়া সেই আক্রমণ অবশ্য ফ্রান্সের জন্য বিপদের কিছু হয়নি।
ম্যাচের ২৫তম মিনিটে ভালো সুযোগ তৈরি করেছিল সেনেগাল। কিন্তু এবার তাদের কপাল পুড়ে গোলবারের বাঁধায়। বক্সের ডানদিক থেকে নেওয়া নিকোলাস জ্যাকসনের শট আটকে যায় গোলবারে। ম্যাচের ৩০তম মিনিটে ইসমাইলা সার-এর শট চলে যায় গোলবারের বাইরে দিয়ে।
প্রথমার্ধের যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে গোলের সবচেয়ে সহজ সুযোগটা পেয়েছিল সেনেগাল। বামপ্রান্ত দিয়ে আক্রমণে উঠে ছয় গজ বক্সের মধ্যে ক্রস বাড়িয়েছিল জ্যাকসন। কিন্তু ফাঁকায় দাঁড়িয়ে থাকা ইসমাইলা সার ফাঁকা জালেও বল জড়াতে পারেননি। উঁড়িয়ে গ্যালারিতে মারেন তিনি।

স্পোর্টস ডেস্ক