মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড এমবাপ্পের
বিশ্বকাপের শুরুটা খুব একটা সহজ হয়নি ফ্রান্সের জন্য। প্রথমার্ধে সেনেগালের গোছানো রক্ষণ ও চাপের সামনে বারবার থমকে যাচ্ছিল তারা। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় পুরো দৃশ্যপট। ঝলক দেখান কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে ও ব্র্যাডলি বারকোলা।
বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ‘আই’ গ্রুপের ম্যাচে সেনেগালকে ৩–১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ফ্রান্স। দলের জয়ে এমবাপ্পের জোড়া গোলের পাশাপাশি বদলি নেমে একটি গোল করেন বারকোলা।
সেনেগালের বিপক্ষে দুই গোলেই দুটি রেকর্ড গড়েছেন এমবাপ্পে। এই জোড়া গোলে আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে এসেছেন এমবাপ্পে। ১৩৭ ম্যাচে ৫৭ গোল নিয়ে শীর্ষে থাকা অলিভার জিরুকে ছাড়িয়েকে ছাড়িয়ে গেলেন মাত্র ৯১ ম্যাচেই।
এছাড়া বিশ্বকাপের ইতিহাসেও বড় এক লাফ দিয়েছেন ফরাসি এই ফরোয়ার্ড। ১৫ ম্যাচে এখন তার গোল ১৪টি। নিজের তৃতীয় বিশ্বকাপের প্রথম ম্যাচেই তিনি ছাড়িয়ে গেলেন ১৩ গোল করা লিওনেল মেসিকে।
এখন বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় এমবাপ্পের সামনে আছেন কেবল জার্মানির মিরোস্লাভ ক্লোসা (১৬) ও ব্রাজিলের রোনালদো (১৫)। তার সমান ১৪ গোল রয়েছে আরেক জার্মান কিংবদন্তি গার্ড মুলারের।
দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে পেনাল্টির আবেদন করেন এমবাপ্পে, তবে ভিএআর দেখে তা বাতিল করেন রেফারি। এর পরের মিনিটেই মাইকেল ওলিসের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে।
এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে, নিশ্চিত করেন ফ্রান্সের জয়।

স্পোর্টস ডেস্ক