বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) 

প্রকাশ: ২১:১১, ৮ জুন ২০২৬

গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁওয়ে দুই অবৈধ চুন কারখানার উচ্ছেদ

সোনারগাঁওয়ে দুই অবৈধ চুন কারখানার উচ্ছেদ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ত্রিপরদী ও মল্লিকপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত দুইটি চুন কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে তিতাস গ্যাসের জোনাল বিক্রয় অফিস-মেঘনাঘাট। 
আজ সোমবার (৮ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিলের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে ত্রিপরদী এলাকায় একটি চুন কারখানার দুইটি চালু ভাট্টি এবং মল্লিকপাড়া এলাকায় আরেকটি চুন কারখানার দুইটি ভাট্টির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় ৩০০ ফুট হোজ পাইপ কেটে বিনষ্ট করা হয় এবং ১০ ফুট দীর্ঘ ২ ইঞ্চি এমএস পাইপ জব্দ করা হয়।

তিতাস গ্যাস সূত্রে জানা যায়, উচ্ছেদকৃত দুইটি চুন কারখানার মোট গ্যাস লোড ছিল ঘণ্টায় প্রায় ৪ হাজার ঘনফুট। এর ফলে দৈনিক প্রায় ৮১ হাজার ৫০০ টাকার গ্যাস সাশ্রয় হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অভিযান চলাকালে এস্কেভেটরের সাহায্যে কারখানাগুলোর অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। এ ছাড়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভাট্টির আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তবে কারখানার মালিকদের ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় কাউকে জরিমানা বা কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি। এ অভিযানে কোনো মামলা বা এফআইআরও দায়ের করা হয়নি। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাস চুরি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ/কে