মিরপুরে কিশোর গ্যাং ‘ভইরা-দে’ সদস্যসহ গ্রেপ্তার ৩
রাজধানীর মিরপুর এলাকায় সক্রিয় কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপ’-এর এক সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। বুধবার (১৭ জুন) ভোরে মিরপুর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—শিশির আহম্মেদ ইমন (২১), আব্দুল্লাহ (২৩) ও আল আমিন (২৫)।
র্যাব-৪-এর মিডিয়া অফিসার নুরাঙ্গীর নাহিদ জানান, সম্প্রতি মিরপুর ও পল্লবী এলাকায় কয়েকটি কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়। এর মধ্যে আশিকুর রহমান শান্ত ওরফে আশিকের নেতৃত্বাধীন ‘ভইরা-দে গ্রুপ’ একটি সক্রিয় গ্যাং হিসেবে চিহ্নিত।
তিনি বলেন, গত ২৩ মে সন্ধ্যায় পল্লবী এলাকায় জাহিদ হাসান সুমন বিপ্লব ও তার ভাই হৃদয় বাসায় ফেরার পথে গ্যাং সদস্যরা তাদের পথরোধ করে। পূর্বশত্রুতার জেরে ইমনসহ ৭ থেকে ৮ জন তাদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে।
তদন্তে জানা গেছে, গ্যাংটির সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িত থাকে। এছাড়া বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন, গোলাগুলি, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
ঘটনার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। অভিযানে ইমনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। রাজধানীতে সক্রিয় কিশোর গ্যাং দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।