• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

যশোরে ভারতীয় নিষিদ্ধ কোরেক্স-এসকাফ সিরাপসহ আটক ২

রাজেক জাহাঙ্গীর, যশোর

প্রকাশিত: ১৫:১৩, ১৭ জুন ২০২৬

ফন্ট সাইজ
যশোরে ভারতীয় নিষিদ্ধ কোরেক্স-এসকাফ সিরাপসহ আটক ২

যশোরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব ও ডিবি পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) রাত বারোটার দিকে র‍্যাব যশোর শহরের শংকরপুর এলাকায় এবং ডিবি পুলিশ চৌগাছা উপজেলার মনমতপুর ভাটাপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে। 

র‍্যাব-৬ যশোর ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর জমাদ্দার পাড়া ছোটনের মোড় এলাকায় অভিযান চালিয়ে মশিউর আলমকে আটক করা হয়। তার দেখানো মতে মাটির নিচে বিশেষ কৌশলে পুঁতে রাখা পাঁচটি মাটির কলস উদ্ধার করা হয়। পরে কলসগুলো ভেঙে ভেতর থেকে ১৩১ বোতল ভারতীয় নিষিদ্ধ কোরেক্স সিরাপ জব্দ করা হয়।

আটক মশিউর আলম ওই এলাকার তফসির উদ্দিন বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্র জানায়, তিনি আগে মাদকাসক্ত ছিলেন। পরে কোরেক্স সিরাপের কারবার শুরু করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে মাটির নিচে কলসে মাদক মজুদ করে রাখতেন। 

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ যশোর কোতয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, একই দিন চৌগাছা উপজেলার মনমতপুর ভাটাপাড়ায় অভিযান চালিয়ে ৪২ বোতল অবৈধ এসকাফ কফ সিরাপসহ আতিয়ার মন্ডল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে জেলা ডিবি পুলিশ।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আতিয়ার মন্ডলকে আটক করা হয়। এ সময় অপর এক ব্যক্তি পালিয়ে যান। পরে আতিয়ারের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৪২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

আটক আতিয়ার মন্ডল শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর পশ্চিমপাড়া গ্রামের সুলতান মন্ডলের ছেলে। পলাতক ব্যক্তির নাম বিপুল (৩৫)। তার বাড়ি চৌগাছা উপজেলার মাশিলা এলাকায় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

বিভি/এসজি

মন্তব্য করুন: