বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহর জামিন মঞ্জুর
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। রবিবার (১৪ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করা হয়। এর ফলে আপাতত তার মুক্তিতে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব গণমাধ্যমকে জানান, কলিমুল্লাহর বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তার মুক্তিতে আপাতত আর কোনো বাধা নেই।
আদালতে তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. ফজলুর রহমান, এ এম মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মামুন মাহবুব ও আইনজীবী কাজী আহসান হাবিব। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খান মো. মইনুল হাসান লিপন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
মামলার নথি অনুযায়ী, রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে গত বছরের ৬ আগস্ট অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। দুদকের মামলায় গ্রেফতারের পর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তিনি হাইকোর্ট থেকে জামিন লাভ করেন বলে আদালত সূত্র নিশ্চিত করেছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: