পঞ্চগড়ে আদালতের বারান্দায় বেঞ্চে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
পঞ্চগড় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় বেঞ্চে শোয়া অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে পঞ্চগড় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দার একটি বেঞ্চে ওই ব্যক্তি শুয়ে ছিলেন। দীর্ঘ সময় ধরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে উপস্থিত লোকজন খোঁজখবর নেন। পরে তাকে দ্রুত একটি অ্যাম্বুলেন্সে করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। অর্থাৎ তিনি আদালত ভবনের বারান্দাতেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, পঞ্চগড় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: