জনগণের টাকা জনগণের কল্যাণেই ব্যয় হবে: প্রধানমন্ত্রী
ছবি: বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের টাকা জনগণের কল্যাণেই ব্যয় হবে। বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে দেওয়া ভাষণে বাজেট নিয়ে সমালোচনার জবাবে একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষের কল্যাণে নেওয়া উদ্যোগকে যারা ‘গণবিরোধী’ বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না। জনগণের টাকা জনগণের কল্যাণেই ব্যয় হবে এবং অর্থপাচার রোধে সরকার কঠোর অবস্থানে থাকবে।’
এসময় চা শ্রমিক পরিবারের নারীদের জন্য আগামী এক বছরের মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রচারণার সময় চা শ্রমিক নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ তার বাস্তবায়ন শুরু হলো। তিনি এটিকে জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
তারেক রহমান বলেন, দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে নারীদের স্বাবলম্বী করা জরুরি। সে লক্ষ্যেই সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, চিকিৎসা ও খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক খাতে বাজেটে বরাদ্দ রেখেছে।
অনুষ্ঠানে তৃতীয় ধাপে ৩১০ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। এর আওতায় নির্বাচিত পরিবারগুলো প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা পাবে। পাশাপাশি বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচির অনুদানও বিতরণ করা হয়।
বিভি/এমআর



মন্তব্য করুন: