• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

১৮৮ কোটি ৪০ লাখ টাকার রাজস্ব বাজেট পেল ইসলামী বিশ্ববিদ্যালয়

তালুকদার হাম্মাদ, ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১০:২২, ১৬ জুন ২০২৬

ফন্ট সাইজ
১৮৮ কোটি ৪০ লাখ টাকার রাজস্ব বাজেট পেল ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জন্য ২০২৬-২৭ অর্থবছরে ১৮৮ কোটি ৪০ লাখ টাকার রাজস্ব বাজেট অনুমোদন করা হয়েছে। দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জন্য অনুমোদিত মোট ১২ হাজার ৩০০ কোটি ৪০ লাখ টাকার বাজেটের অংশ হিসেবে এ বরাদ্দ দেওয়া হয়েছে।

ইউজিসিতে অনুষ্ঠিত ১৮৭তম পূর্ণ কমিশন সভায় নতুন অর্থবছরের এ বাজেট অনুমোদন করা হয়। অনুমোদিত বাজেট অনুযায়ী, দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য মোট ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা এবং ইউজিসির নিজস্ব পরিচালন ব্যয়ের জন্য ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বরাদ্দকৃত বাজেটের মধ্যে ৭ হাজার ৪২৮ কোটি ৪৩ লাখ টাকা রাজস্ব ব্যয় এবং ৪ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ টাকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে গবেষণা কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি এবং দ্বৈততা কমানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা বাজেট ও ইউজিসির গবেষণা বাজেট একীভূত করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতের ২০০ কোটি টাকা ইউজিসির বাজেটে স্থানান্তর করা হয়েছে। এতে ইউজিসির গবেষণা খাতে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ২২৬ কোটি টাকা। পাশাপাশি বৈদেশিক স্কলারশিপ খাতে ১২ কোটি টাকা যুক্ত হওয়ায় এ খাতে মোট বরাদ্দ বেড়ে ২৩৮ কোটি টাকায় উন্নীত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী হাসিব মোহাম্মদ হাসনাইন বলেন, “ইবি স্বাধীনতার পর প্রতিষ্ঠিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়। অথচ এ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক কম রাজস্ব বাজেট পেয়েছে। বিষয়টিকে আমি যথাযথ মনে করি না। বিপুলসংখ্যক শিক্ষার্থীর আবাসন সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং চলমান উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয়তা বিবেচনায় ইবির জন্য আরও বড় বাজেট বরাদ্দ প্রয়োজন ছিল। তবে নতুন অর্থবছরে অনুমোদিত ১৮৮ কোটি ৪০ লাখ টাকার স্বচ্ছ ও কার্যকর ব্যবহার নিশ্চিত হবে বলে প্রত্যাশা করি।”

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ ৯৪৯ কোটি ৩৬ লাখ টাকা রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় পেয়েছে ৫৪৩ কোটি ৫৮ লাখ টাকা, জাতীয় বিশ্ববিদ্যালয় ৪৮১ কোটি ৪৭ লাখ টাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৫০৩ কোটি ৪৭ লাখ টাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পেয়েছে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা রাজস্ব বাজেট।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: