• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা সমর্থকদের ২০০ ফুট পতাকা নিয়ে মিছিল

রোহান চিশতী, নজরুল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২১:০২, ১৬ জুন ২০২৬

আপডেট: ২১:০৩, ১৬ জুন ২০২৬

ফন্ট সাইজ
নজরুল বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা সমর্থকদের ২০০ ফুট পতাকা নিয়ে মিছিল

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছেন আর্জেন্টিনা সমর্থকরা। প্রায় ২০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে বের হওয়া এ মিছিলে ৩ শত শিক্ষার্থী অংশ নেন। স্লোগান, উচ্ছ্বাস ও নানা আয়োজনের মধ্য দিয়ে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বিদ্রোহী হল থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয়ধ্বনি মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলের সামনের সারিতে বহন করা হয় বিশাল আর্জেন্টাইন পতাকা, যা উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে।

মিছিলে আর্জেন্টিনার পতাকা, জার্সি ও ব্যানার নিয়ে অংশ নেন শত শত শিক্ষার্থী। আয়োজনকে আরও বর্ণিল করে তুলতে ছিল পার্টি স্প্রে, স্মোক ফ্লেয়ার, বাঁশি, সাউন্ড বক্স, হ্যান্ড মাইক, চকলেট বোম, আতশবাজি ও বাইক শোডাউন। প্রায় তিন শতাধিক সমর্থক, ভক্ত ও ফুটবলপ্রেমীর উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে উৎসবের আবহ সৃষ্টি হয়।

মিছিল চলাকালে আর্জেন্টিনা সমর্থকদের কণ্ঠে ব্রাজিল সমর্থকদের উদ্দেশে বিভিন্ন স্লোগান শোনা যায়। বিশেষ করে ‘সেভেন আপ, সেভেন আপ’ এবং ‘আই ব্রাজিল দেইখা যা, আইছে তোদের বাপেরা’ স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। বিভিন্ন স্থানে ব্রাজিল সমর্থকদের খুঁজতে দেখা গেলেও উল্লেখযোগ্য সংখ্যক সমর্থকের উপস্থিতি চোখে পড়েনি।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, বিশ্বকাপকে ঘিরে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং ক্যাম্পাসে ফুটবল উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলতেই তাদের এ আয়োজন। তারা বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য কামনা করেন এবং শিরোপা ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

মিছিল শেষে সমর্থকদের মধ্যে ছবি তোলা, আড্ডা এবং বিশ্বকাপ নিয়ে আলোচনা চলতে থাকে। ফলে দিনের শেষ বিকেলটিও পরিণত হয় আর্জেন্টিনা সমর্থকদের এক মিলনমেলায়।

বিভি/এজেড

মন্তব্য করুন: