বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ শতাধিক বৃক্ষরোপণের অনন্য উদ্যোগ
পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল ইউনিভার্সিটি এনভায়রনমেন্ট কনজারভেশন সোসাইটি (BUECS)-এর উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পাঁচ শতাধিক বৃক্ষ রোপণ করা হয়। রোপণকৃত বৃক্ষের মধ্যে ছিল পলাশ, বকুল, শ্বেতকাঞ্চন, পারুল, কৃষ্ণচূড়া, পেয়ারা ও রাধাচূড়া। এসব বৃক্ষ একদিকে যেমন ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ হ্রাস এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন একটি বড় চ্যালেঞ্জ। এই সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহই করে না, বরং কার্বন ডাই-অক্সাইড শোষণের মাধ্যমে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, পরিবেশবান্ধব ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। তারা শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষকে বেশি বেশি বৃক্ষরোপণ এবং গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, “আজকের একটি গাছ আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী উপহার দিতে পারে। তাই পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”
পরিবেশবান্ধব এই উদ্যোগে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়। সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: