• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

গোপনে বিয়ে করে লাপাত্তা ছাত্রদল নেতা, স্বীকৃতি চেয়ে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

মো. ওবায়দুল্লাহ, ঢাকা কলেজ

প্রকাশিত: ২০:৫৭, ১৬ জুন ২০২৬

আপডেট: ২০:৫৮, ১৬ জুন ২০২৬

ফন্ট সাইজ
গোপনে বিয়ে করে লাপাত্তা ছাত্রদল নেতা, স্বীকৃতি চেয়ে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

গোপনে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করার পর স্বামীর স্বীকৃতি না দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা কলেজ ছাত্রদল নেতা খালিদ পারভেজের বিরুদ্ধে। এদিকে, এ খবরে কলেজ থেকে লাপাত্তা রয়েছেন অভিযুক্ত খালিদ পারভেজ। তিনি ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। এ ঘটনায় স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজ ক্যাম্পাসে দিনভর অবস্থান নিয়েছেন ভুক্তভোগী তরুণী। 

ভুক্তভোগী ওই তরুণীর দাবি, ফেসবুকে পরিচয়ের পর ঢাকার ঘাটারচরে একসাথে একটি ভাড়া বাসায় দীর্ঘদিন থাকতেন তারা। একপর্যায়ে বিভিন্ন শর্তের বেড়াজালে চলতি বছরের মার্চ মাসে বিয়ে করেন তারা। বর্তমানে ছাত্রদল নেতা পারভেজ বিয়ের বিষয়টি অস্বীকার করছেন এবং সব ধরণের যোগাযোগ এড়িয়ে চলছেন।
 
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০ টা থেকে ঢাকা কলেজের ফরহাদ হোসেন হলের সামনে ওই তরুণীকে দীর্ঘ সময় অবস্থান করতে দেখা যায়। তার উপস্থিতির বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের তারা ভুক্তভোগী নারীকে বুঝিয়ে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ নেন। বর্তমানে প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারী ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে অবস্থান করছেন। 
 
ভুক্তভোগী ওই তরুণী আরও জানান, তিনি দুইদিন আগে ঠাকুরগাও থেকে তার স্বামী পারভেজের খোজে ঢাকায় এসেছেন। তিনি ঢাকায় কিছু চেনেন না। রাতে একটি হাসপাতালের বারান্দায় বসে রাত কাটিয়েছেন। এরপর সকালে অনেক কষ্টে ঢাকা কলেজের তার স্বামীর খোজে এসেছেন। 
 
তিনি অভিযোগ করে বলেন, আমাদের মধ্যে বিয়ে হয়েছে। কিন্তু এখন সে বিষয়টি অস্বীকার করছে। বিষয়টির সুরাহার আশায় আমি বাড়ি থেকে ঢাকায় এসেছি। পারভেজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে প্রথমে সে ফোনে জানায় ঢাকার বাইরে আছে। আবার একেক সময় একেক জায়গায় আছে বলে। একবার বলে সিলেটে আছে, অন্যবার বলে সুনামগঞ্জ। আমার সাথে যোগাযোগের সব মাধ্যম বন্ধ করে দিয়ে মোবাইল নম্বর ব্লক করে দিয়েছে।
 
জানা যায়, অভিযুক্ত পারভেজ ঢাকা কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী এবং ফরহাদ হোসেন হলের আবাসিক ছাত্র। তিনি ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জনগাও গ্রামে।
 
অভিযুক্ত ঢাকা কলেজ ছাত্রদল নেতা মো: পারভেজ বলেন, তিন মাস হলো আমাকে ফাঁসিয়ে বিয়েটা করছে। বিয়ের আগে কিছু শর্ত দিয়ে বিয়ে করছিলাম। সেটা হচ্ছে তার দুই বছরের ভরণপোষণের দায়িত্ব ওর মা বহন করবে। কারণ আমি স্টুডেন্ট। আমি কিছু করতেছি না এখন পর্যন্ত। আমি পড়াশোনাই করতেছি। কোন ইনকাম নাই। আমি তো আমার বাবা-মার কাছ থেকে খরচ নিচ্ছিলাম। সেক্ষেত্রে আমার বাবা-মা এগুলা জানার পর থেকে আমাকে ত্যাজাপুত্রের মত একটা অবস্থায় রেখেছে।
 
তিনি আরও বলেন, আমি এখন চাচ্ছি একটু এস্টাবলিশড হই। তারপর ওর সাথে আমি সংসার করবো। কিন্তু ও আমাকে এমনভাবে চাপ প্রয়োগ করতেছে মানে ওর আমি শত্রু।
ওই মেয়েকে পারিবারিকভাবে আমার পরিবার তো মেনে নেয়নি। যার জন্য এত কন্ডিশন দিয়ে বিয়ে করছি।

বিভি/এজেড

মন্তব্য করুন: