কলকাতায় স্ত্রীসহ হেনস্তার অভিযোগ, যা বললেন মোশাররফ করিম
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ায় বিভিন্ন আলোচনার জন্ম হয়। মঙ্গলবার (১৬ জুন) সকালে ছড়িয়ে পড়া সেই খবরে দাবি করা হয়, স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে কলকাতায় অবস্থানকালে কিছু আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তি তার সঙ্গে অপ্রীতিকর আচরণের চেষ্টা করেছেন।
তবে বিষয়টির সত্যতা নিয়ে নিয়ে মুখ খুলেছেন মোশাররফ করিম নিজেই। একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, সামাজিকমাধ্যমে যেভাবে ঘটনাটি প্রচার করা হয়েছে, বাস্তবে তেমন কিছু ঘটেনি।
মোশাররফ করিম গণমাধ্যমকে বলেন, ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়। কিন্তু একটি সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, এই ঘটনায় ততটুকুও নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।
সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান তিনি।
জানা গেছে, কোনো শুটিং বা পেশাগত কাজে নয়, ব্যক্তিগত অবকাশ যাপনের উদ্দেশ্যেই বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। আগামী তিন থেকে চার দিনের মধ্যে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
বিভি/এসজি



মন্তব্য করুন: