বড় সুখবর! ফেসবুক-ইনস্টাগ্রামে আরও বেশি আয়ের সুযোগ
ফেসবুক ও ইনস্টাগ্রাম রিলস ব্যবহারকারীদের জন্য বড় সুখবর নিয়ে আসছে মেটা। ছোট ভিডিওভিত্তিক কনটেন্টকে আরও গোছানো ও দীর্ঘমেয়াদি দর্শকসম্পৃক্ততার আওতায় আনতে প্রতিষ্ঠানটি চালু করতে যাচ্ছে ‘সিরিজ’ নামে নতুন একটি ফিচার। এর মাধ্যমে একই বিষয়ভিত্তিক বা ধারাবাহিক গল্পের রিলসগুলো একটি নির্দিষ্ট সিরিজের আওতায় সাজিয়ে রাখা যাবে।
বর্তমানে ফিচারটি বিশ্বের বিভিন্ন অঞ্চলের নির্বাচিত কনটেন্ট ক্রিয়েটরদের ওপর পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি সবার জন্য উন্মুক্ত হলে পর্বভিত্তিক কনটেন্ট নির্মাতাদের ভিউ, ওয়াচ টাইম এবং ফলোয়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
‘সিরিজ’ ফিচার যেভাবে কাজ করবে
পুরোনো ও নতুন রিলস একসঙ্গে যুক্ত করা যাবে: নির্মাতারা চাইলে নতুন ভিডিওর পাশাপাশি আগের প্রকাশিত রিলসও একটি সিরিজে অন্তর্ভুক্ত করতে পারবেন।
প্রোফাইলে আলাদা বিভাগ: প্রতিটি সিরিজের জন্য ক্রিয়েটরের প্রোফাইলে একটি ডেডিকেটেড সেকশন থাকবে, যেখানে দর্শক সহজেই পুরো সিরিজ দেখতে পারবেন।
স্মার্ট ওয়াচিং অভিজ্ঞতা: দর্শক কোনো পর্ব যেখানে দেখা শেষ করবেন, পরবর্তীতে সেখান থেকেই আবার দেখা শুরু করতে পারবেন।
কেন গুরুত্বপূর্ণ এই পরিবর্তন?
এতদিন রিলস দেখার অভিজ্ঞতা ছিল দ্রুত স্ক্রলভিত্তিক—এক ভিডিও থেকে আরেক ভিডিওতে চলে যাওয়া। ‘সিরিজ’ ফিচারের মাধ্যমে মেটা ব্যবহারকারীদের আরও বেশি সময় প্ল্যাটফর্মে ধরে রাখতে চায়। একটি পর্ব দেখার পর পরবর্তী পর্ব দেখার আগ্রহ দর্শকদের বারবার ফেসবুক ও ইনস্টাগ্রামে ফিরিয়ে আনতে পারে।
ক্রিয়েটরদের আয়ের নতুন সুযোগ?
মেটা ইঙ্গিত দিয়েছে, এই ফিচার ভবিষ্যতে কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন আয়ের পথ তৈরি করতে পারে। যদিও কীভাবে মনিটাইজেশন করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে ২০২০ সালে ইনস্টাগ্রামে ‘গাইডস’ ফিচার চালু করে ধারাবাহিক কনটেন্ট সাজানোর চেষ্টা করেছিল মেটা। তবে রিলসের জন্য ‘সিরিজ’ ফিচারটি ক্রিয়েটর ইকোনমিতে আরও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বিভি/টিটি



মন্তব্য করুন: