সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, যেভাবে দেখবেন খেলা
দারুণ ছন্দে উড়ন্ত সময় পার করছে আর্জেন্টিনা ফুটবল দল। ২০২১ থেকে ২০২৬-- পাঁচ বছরে বড় চারটি শিরোপা ঘরে তুলেছে তারা। চলছে ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টিনা। এই টুর্নামেন্টেও শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই মাঠে নামছে তারা।
বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। যেখানে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আফ্রিকার দেশ আলজেরিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে।
দুই দলের এই ফুটবল মহারণ বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভি। অনলাইনে দেখা যাবে টফি, বায়োস্কোপ প্লাস, আই-স্ক্রিণ, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপে।
শক্তি-সামর্থ, অতীত ইতিহাস আর ঐতিহ্যে আলেজেরিয়ার চেয়ে যোজন যোজন এগিয়ে থেকেই মাঠে নামবে আর্জেন্টিনা। তার ওপর সাম্প্রতিক পারফরম্যান্স আর্জেন্টিনাকে দিচ্ছে নিরঙ্কুশ ফেভারিটের তকমা। সেটি নিয়েই মাঠে নামবে তারা।
তবে বর্তমান চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ জানানোর মতো যথেষ্ট টেকনিক্যাল দক্ষতা ও সুসংগঠিত দল 'ফেনেক ফক্সেস'রা। যারা এর আগেও বিশ্বমঞ্চে চমক দেখিয়েছে। বাছাইপর্বেও দুর্দান্ত খেলে বড় আত্মবিশ্বাস নিয়ে এসেছে আলজেরিয়া।
আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে নিজেদের গ্রুপে শীর্ষস্থান অর্জন করার পথে তারা মাত্র একটি ম্যাচে হেরেছিল। কোচ ভ্লাদিমির পেটকোভিচ দলের রক্ষণভাগে দারুণ শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন, যার প্রমাণ মেলে শেষ ছয় ম্যাচে মাত্র দুটি গোল খাওয়ার রেকর্ডে।
ফলে শক্তিমত্তা ও সাম্প্রতিক ফর্মে আর্জেন্টিনা অনেকটাই এগিয়ে থাকলেও, আলজেরিয়ার রক্ষণভাগ ও বলের পজিশন ধরে রাখার ক্ষমতা আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।
দুই দলের সম্ভাব্য একাদশ
আর্জেন্টিনা : এমিলিয়ানো মার্তটিনেস , নাহুয়েল মলিনা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ
আলজেরিয়া : মোহামেদ রেজকাল্লাহ জিদান, নাবিল বেলঘালি, আইসা মান্দি, আমিন চেরগুই, রায়ান আইত-নুরি, নাবিল বেনতালেব, হিশাম বুদাউই, রিয়াদ মাহরেজ, ইব্রাহিম মাজা, মোহামেদ আমুরা, আমিন গুইরি

স্পোর্টস ডেস্ক