• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

শার্শায় ডিবির অভিযানে দুই বিদেশি পিস্তলসহ আটক ২

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০০, ১৭ জুন ২০২৬

ফন্ট সাইজ
শার্শায় ডিবির অভিযানে দুই বিদেশি পিস্তলসহ আটক ২

যশোরের শার্শা উপজেলার কায়বা এলাকায় অভিযান চালিয়ে কথিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী রাসেল রানা এবং তার এক সহযোগীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জুন) ভোররাতে ডিবি পুলিশের ওসি সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে এসআই কামরুজ্জামান ও এসআই কামাল হোসেনসহ একটি দল এ অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্রে জানা যায়, শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়া এলাকায় রাসেল রানার টিনশেড বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে রাসেল তার শয়নকক্ষের বালিশের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্র রাখার কথা স্বীকার করেন। তার দেখানো মতে সেখান থেকে দুটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরে রাসেল রানার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী জিয়াউর রহমান ওরফে হাফিজুরকে বেনাপোলের পুটখালী এলাকা থেকে আটক করা হয়।

ডিবি জানিয়েছে, রাসেল রানার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: