হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭
গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৭ জন শিশু। বুধবার (১৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫৬৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এই সময়ে মোট ৬৬১ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১১ শিশু হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে ৯৬৬ জন। এ সময়ে ৮৭২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৯০৬ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৮ হাজার ৮৯৫। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ১০ হাজার ৬৩৪ জন। এ সময় মোট ৭৩ হাজার ২৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৬৯ হাজার ৬৮৮ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: