রাজবাড়ী
হাসপাতালে চিকিৎসক অনুপস্থিতি নিয়ে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর
রাজবাড়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শনে এসে চিকিৎসক সংকট ও অনুপস্থিত চিকিৎসকদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বুধবার (১৭ জুন) দুপুরে আকস্মিকভাবে হাসপাতালটি পরিদর্শন করেন তিনি। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, সম্প্রতি পদায়ন পাওয়া ১৪ জন চিকিৎসকের মধ্যে ৬ জন এখনো কর্মস্থলে যোগদান করেননি। এছাড়া দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা এক নারী চিকিৎসককে সাত দিনের মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে। এর ফলে রোগীরা স্বল্প খরচে নিজ এলাকার কাছাকাছি চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
তিনি আরও জানান, রাজবাড়ী সদর হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মর্গে ফ্রিজার সংযোজন এবং ডায়ালাইসিস ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে।
পরিদর্শনকালে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: