• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

খারাপ কিছু ঘটার আগেই কি আপনার মস্তিষ্ক সংকেত দেয়? যা বলছেন বিশেষজ্ঞরা

প্রকাশিত: ০১:৩০, ১০ জুন ২০২৬

আপডেট: ০১:৩০, ১০ জুন ২০২৬

ফন্ট সাইজ
খারাপ কিছু ঘটার আগেই কি আপনার মস্তিষ্ক সংকেত দেয়? যা বলছেন বিশেষজ্ঞরা

আপনি কোনো বন্ধুর সাথে বছরের পর বছর ঘনিষ্ঠ। হঠাৎ করে আপনি বুঝতে পারলেন তার আচরণ বদলাতে শুরু করল। আপনি হয়তো এখনো কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাননি, কিন্তু মনে হচ্ছে সামনে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হতে পারে। অথবা ধরুন, কোনো নতুন জায়গা বা পরিস্থিতিতে গিয়ে আপনার অস্বস্তি লাগছে। চারপাশে সবকিছু স্বাভাবিক, তবুও মন বারবার সতর্ক করছে। মানুষ অনেক সময়ই হঠাৎ কোনো দুর্ঘটনা, বিপদ বা অস্বাভাবিক ঘটনার আগে এক ধরনের অজানা অস্বস্তি, উদ্বেগ বা আশঙ্কা অনুভব করেন। অনেকেরই দাবি, খারাপ কিছু ঘটার আগেই যেন মন তাদের সতর্ক করে দেয়। কিন্তু এটি কি সত্যিই ভবিষ্যৎ সম্পর্কে কোনো পূর্বাভাস, নাকি মস্তিষ্কের জটিল কার্যক্রমের ফল?

অদ্ভুত শোনালেও, অনেক সময় উত্তরটা "হ্যাঁ"। মনোবিজ্ঞানী ড.মুনমুন জাহান বলেন, মানুষের মস্তিষ্ক প্রতিনিয়ত আশপাশের পরিবেশ থেকে অসংখ্য তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে। এর অনেকটাই ঘটে অবচেতনভাবে। ফলে আমরা সচেতনভাবে কিছু বুঝে ওঠার আগেই মস্তিষ্ক সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে একটি ধারণা তৈরি করতে পারে।

স্নায়ুবিজ্ঞানীদের মতে, অতীতের অভিজ্ঞতা, স্মৃতি ও পরিবেশগত সূক্ষ্ম পরিবর্তনের ওপর ভিত্তি করে মস্তিষ্ক দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে। কোনো পরিস্থিতি পূর্বের কোনো নেতিবাচক ঘটনার সঙ্গে মিল পেলে অবচেতন মন সতর্কবার্তা পাঠাতে পারে, যা অনেক সময় ‘খারাপ কিছু ঘটতে যাচ্ছে’—এমন অনুভূতি হিসেবে প্রকাশ পায়।

মনোবিজ্ঞানীরা জানান, মানুষের মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো সম্ভাব্য বিপদ শনাক্ত করা। তাই অনেক সময় খুব সূক্ষ্ম কিছু সংকেত—যেমন কারও আচরণের পরিবর্তন, পরিবেশের অস্বাভাবিকতা বা পরিচিত কোনো পরিস্থিতির ভিন্নতা—আমাদের নজরে না এলেও মস্তিষ্ক তা গ্রহণ করে এবং সতর্কতার অনুভূতি তৈরি করে।

তবে বিশেষজ্ঞরা এটাও মনে করিয়ে দেন যে, সব ধরনের আশঙ্কা বা পূর্বানুভূতি বাস্তবতার সঙ্গে মিলে যাবে এমন নয়। মানুষের মনে যেসব আশঙ্কা সত্যি হয়, সেগুলো বেশি মনে থাকে। আর যেগুলো সত্যি হয় না, সেগুলো সাধারণত ভুলে যায়। মনোবিজ্ঞানে এই প্রবণতাকে ‘কনফার্মেশন বায়াস’ বলা হয়।

গবেষকদের মতে, খারাপ কিছু ঘটার আগের অস্বস্তি বা সতর্কতার অনুভূতি অনেক ক্ষেত্রে মস্তিষ্কের স্বাভাবিক প্রতিরক্ষামূলক ব্যবস্থার অংশ। এটি কোনো অতিপ্রাকৃত ক্ষমতা নয়; বরং দীর্ঘদিনের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও অবচেতন বিশ্লেষণের ফল হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, যদি এমন অনুভূতি বারবার তীব্র উদ্বেগ, আতঙ্ক বা দৈনন্দিন জীবনে সমস্যা তৈরি করে, তাহলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা উচিত। তবে সাধারণ সতর্কতা ও অন্তর্দৃষ্টিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি বাস্তব তথ্য ও যুক্তির ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে নিরাপদ।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: