• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

খুলনা শিপইয়ার্ড পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

প্রকাশিত: ১৮:৪৩, ১৭ জুন ২০২৬

ফন্ট সাইজ
খুলনা শিপইয়ার্ড পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম বুধবার (১৭ জুন) খুলনায় অবস্থিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড পরিদর্শন করেছেন। বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজসহ বিভিন্ন ধরনের সামরিক ও বেসামরিক জাহাজ নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের সামুদ্রিক ও প্রতিরক্ষা শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা খুলনা শিপইয়ার্ডের সক্ষমতা, উৎপাদন দক্ষতা এবং প্রযুক্তিগত উৎকর্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রতিরক্ষা শিল্প খাতে খুলনা শিপইয়ার্ড লিমিটেড বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। দেশের জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে প্রতিষ্ঠানটির অবদান এবং এর পেশাগত ও কারিগরি দক্ষতার ভূয়সী প্রশংসাও করেন তিনি।

পরিদর্শনের অংশ হিসেবে উপদেষ্টা শিপইয়ার্ডের বিভিন্ন স্থাপনা এবং চলমান জাহাজ নির্মাণ প্রকল্প ঘুরে দেখেন। এ সময় এলসিটি, ড্রেজার, টাগবোট, ক্রেনবোট, পাইলট ভেসেল, সার্ভে ভেসেল এবং সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেলসহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, নির্মাণমান ও কারিগরি বৈশিষ্ট্য সম্পর্কে তাকে অবহিত করা হয়।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলোর সফল বাস্তবায়নে খুলনা শিপইয়ার্ডের কর্মপরিকল্পনা ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনের একপর্যায়ে তিনি শিপইয়ার্ডের বিভিন্ন উৎপাদন ও সহায়ক স্থাপনা, যেমন প্লেটার শপ, মেশিন শপ, কার্পেন্ট্রি শপ, রাবার ফ্যাক্টরি, ডকিং শাখা এবং বিদ্যুৎ শপ পরিদর্শন করেন। এ সময় তাকে প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সক্ষমতা, দক্ষ মানবসম্পদ, আধুনিক উৎপাদন অবকাঠামো এবং ভবিষ্যৎ সম্প্রসারণ ও আধুনিকায়ন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

পরিদর্শন শেষে প্রতিরক্ষা উপদেষ্টা খুলনা শিপইয়ার্ড লিমিটেডের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং দেশীয় জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা শিল্পের বিকাশে প্রতিষ্ঠানটির অব্যাহত সাফল্য কামনা করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: