• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

রংপুর

রাস্তায় আলু ফেলে যে কারণে চাষি ও ব্যবসায়ীদের বিক্ষোভ

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৯:৪৭, ১৭ জুন ২০২৬

ফন্ট সাইজ
রাস্তায় আলু ফেলে যে কারণে চাষি ও ব্যবসায়ীদের বিক্ষোভ

রংপুরে হিমাগারের সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। বুধবার (১৭ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীর মর্ডান মোড় এলাকার তুলা গবেষণা ইনস্টিটিউটের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকে।

পরে পুলিশের মধ্যস্থতায় জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের আশ্বাস পেয়ে কর্মসূচি স্থগিত করেন তারা।

এ সময় আলুচাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান অভিযোগ করে বলেন, “হিমাগার অ্যাসোসিয়েশন প্রতি ৬০ কেজি বস্তা আলুর সংরক্ষণ ভাড়া ৪৩০ টাকা নির্ধারণ করেছে। এতে প্রতি কেজি আলুর সংরক্ষণ খরচ দাঁড়াচ্ছে প্রায় ৭ টাকা। ফলে এক কেজি আলুর উৎপাদন খরচ ২৪ টাকারও বেশি হচ্ছে। অথচ বাজারে আলু বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৭ টাকা কেজি দরে।”

তিনি আরও বলেন, “সংরক্ষণ ভাড়া সর্বোচ্চ ২৮০ থেকে ৩০০ টাকার মধ্যে নির্ধারণ করতে হবে। এ দাবিতে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করা হবে। সেখানে সমাধান না হলে লাগাতার অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক চাষি ও ব্যবসায়ী অংশ নেন।

বাংলাদেশ হিমাগার অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, “কৃষি মন্ত্রণালয় নির্ধারিত প্রতি কেজি ৬ টাকা ৭৫ পয়সার পরিবর্তে আমরা ৬ টাকা ৩২ পয়সা হারে সংরক্ষণ মূল্য নিচ্ছি। এখানে কোনো সিন্ডিকেট নেই। বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিষয়টি সরকারের কাছে তুলে ধরে ভাড়া সমন্বয়ের দাবি জানিয়েছি। তবে কেউ যদি সরকার নির্ধারিত ৬ টাকা ৭৫ পয়সার বেশি আদায় করে, তাহলে সংশ্লিষ্ট হিমাগার মালিকদেরও আইনের আওতায় আনা উচিত।”

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, “হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলুচাষি ও ব্যবসায়ীরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

বিভি/পিএইচ

মন্তব্য করুন: