প্রতিমন্ত্রী শাহে আলমের অনিয়ম ও দুর্নীতির প্রতিবেদন
সাংবাদিকদের বিরুদ্ধে মানহানী মামলার প্রতিবাদ
ছবি: জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদকসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে বগুড়ায় মানহানী মামলা করা হয়েছে। যার প্রতিবাদে বুধবার (১৭ জুন) জাতীয় প্রেসক্লাবসহ দেশের বিভিন্ন জেলায় সাংবাদিক ও স্থানীয় নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন করা হয়েছে।
সংবাদ প্রকাশের ফলে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মানহানী হয়েছে এমন অভিযোগে আদালতের শুনানী শেষে বগুড়া সদর থানায় বাদী হয়ে মামলাটি করেন তানভীর আলম রিমন নামের এক ব্যক্তি। এতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, স্টাফ রিপোর্টার সালেহ কায়সার,ও বগুড়া জেলা প্রতিনিধি শামস মাহমুদ তুষারকে বিবাদী করা হয়।

ওদিকে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে হওয়া এ মামলাকে হয়রানিমূলক দাবি করে বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাব-সহ চট্রগ্রাম, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জেও মানববন্ধন করেছে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, ১৬ জুন বিএনপি সরকার যখন রাষ্ট্র্রীয়ভাবে সংবাদপত্রের জন্য কালো দিবস পালন করছিলো ঠিক একইদিন ৪ সাংবাদিকের নামে এই মামলা হয়রানিমূলক, যা প্রকৃতপক্ষে সরকারের নীতিরই বিরোধিতা।

এসময় বক্তারা অবিলম্বে ভুক্তভোগী ৪ সাংবাদিকের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।



মন্তব্য করুন: