• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪২, ৭ জুন ২০২৬

ফন্ট সাইজ
মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। রবিবার (৭ জুন) মোংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মো. শফিকুল ইসলাম সরকারের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। এর মাধ্যমে তিনি বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানের স্থলাভিষিক্ত হন।

এর আগে রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি বন্দর কর্তৃপক্ষের সদস্য, বিভাগীয় প্রধান, ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তা, অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্য এবং সিবিএর অ্যাডহক কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় বন্দরের চলমান ও অসমাপ্ত প্রকল্প, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয়।

এ সময় নবনিযুক্ত চেয়ারম্যান বন্দরের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি বন্দরের আয় বৃদ্ধি ও ব্যয় সংকোচনের বিষয়ে গুরুত্বারোপ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। বন্দর ব্যবহারকারীদের সঙ্গে দ্রুত আলোচনা সভা আয়োজনের পক্ষেও মত দেন তিনি।

রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা ১৯৯০ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৯২ সালে নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে ডিস্টিংশনসহ স্নাতক এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি ডিএসসিএসসি, ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), মিরপুর এবং নাইজেরিয়ার ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তন শিক্ষার্থী। তিন দশকেরও বেশি কর্মজীবনে তিনি কমান্ড, প্রশিক্ষক ও স্টাফ অফিসার হিসেবে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন।

তিনি বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট বানৌজা ওমর ফারুক ও বানৌজা সমুদ্র জয়-এর ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বানৌজা দুর্জয়, বানৌজা ফরিদ, বানৌজা তিস্তা, বানৌজা মেঘনা, বানৌজা এসআর আমিন এবং নৌঘাঁটি বানৌজা হাজী মহসিন-এরও অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা মোংলা বন্দরের উন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: