• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

রায়পুরা, নরসিংদী

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৬, ১৬ জুন ২০২৬

ফন্ট সাইজ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৮ ডিসেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জবা মেম্বার গ্রুপ ও মিস্টার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে মিস্টার গ্রুপের সমর্থক ও প্রবাসী মামুন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি হওয়ার পর জবা মেম্বার, তার সহযোগী আলাল মুন্সি এবং তাদের গ্রুপের সদস্যরা এলাকা ছেড়ে চলে যান।

এরপর থেকে ভাড়াটিয়া অস্ত্রধারীদের নিয়ে কয়েক দফায় এলাকায় পুনরায় প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে আসছিল জবা গ্রুপ।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে স্পিডবোটযোগে ভাড়াটিয়া অস্ত্রধারীদের নিয়ে এলাকায় প্রবেশ করেন জবা গ্রুপের সদস্যরা। এ সময় তারা অতর্কিত হামলা চালালে মিস্টার গ্রুপের লোকজন প্রতিরোধ গড়ে তোলে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে দড়িগাঁও পূর্বপাড়া গ্রামের উসমান মেম্বারের ছেলে অনিক (২০) মাথায় গুলিবিদ্ধ হন। এছাড়া আরও চারজন আহত হয়েছেন।

স্থানীয়রা আহত অনিককে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, “কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

বিভি/পিএইচ

মন্তব্য করুন: