ব্রাজিল শিবিরে স্বস্তি, অনুশীলনে নেইমার
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মরক্কোর বিপক্ষে পয়েন্ট খোয়ানোর হতাশার মাঝেও ব্রাজিল শিবিরে এসেছে স্বস্তির খবর। দীর্ঘদিনের চোট কাটিয়ে অবশেষে দলের অনুশীলনে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। মঙ্গলবার নিউইয়র্কের কাছে ব্রাজিলের বেস ক্যাম্পে প্রথমবারের মতো বল নিয়ে মাঠে কাজ করতে দেখা গেছে তাকে।
তবে সমর্থকদের জন্য সুখবরের পাশাপাশি রয়েছে কিছু সতর্কতাও। এখনও পুরোপুরি ম্যাচ খেলার মতো অবস্থায় পৌঁছাতে পারেননি নেইমার। তাই তার মাঠে ফেরার ব্যাপারে কোনো ঝুঁকি নিতে চাইছে না ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট।
গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফে চোট পান এই ব্রাজিলিয়ান তারকা। সেই ইনজুরি নিয়েই তিনি কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে জায়গা করে নেন। চোটের বর্তমান অবস্থা মূল্যায়নের জন্য সোমবার তার বিভিন্ন মেডিকেল পরীক্ষা ও স্ক্যান করা হয়। এরপর মঙ্গলবার অনুশীলন মাঠে ফিরলেও দলের সঙ্গে পূর্ণাঙ্গ সেশনে অংশ নেননি তিনি। ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্যে হালকা দৌড় এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির কাজেই সময় কাটিয়েছেন।
বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শুক্রবার ফিলাডেলফিয়ায় হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ড্র করার পর এই ম্যাচটি সেলেসাওদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তবুও মেডিকেল বিভাগের পরামর্শ মেনে নেইমারকে নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো করতে রাজি নন কোচ আনচেলত্তি। তাই হাইতির বিপক্ষে ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা খুবই কম। ধারণা করা হচ্ছে, সাইডলাইনে বা বেঞ্চে বসেই সতীর্থদের উৎসাহ জোগাবেন ব্রাজিলের এই মহাতারকা।
বিভি/এসজি



মন্তব্য করুন: