নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে বড় হার টাইগ্রেসদের
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডের লিডসে অনুষ্ঠিত ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৭৭ রান সংগ্রহ করে নিগার সুলতানার দল।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দাপট দেখায় অস্ট্রেলিয়া। মাত্র ৯.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৮ রান তুলে সহজ জয় নিশ্চিত করে তারা। ফলে বিশ্বকাপ মঞ্চে আরেকটি হতাশাজনক পরাজয়ের স্বাদ নিতে হয় টাইগ্রেসদের।
বাংলাদেশের ইনিংসে অধিনায়ক নিগার সুলতানা সর্বোচ্চ ২৭ রান করেন। এছাড়া রিতু মনি ১৬ রান যোগ করেন। এই দুজন ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। দলের দুই ব্যাটার শূন্য রানে সাজঘরে ফেরেন।
বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত পারফর্ম করেন কিম গার্থ, সোফি মোলিনাক্স ও এলিস পেরি। তিনজনই নেন ২টি করে উইকেট। এছাড়া অ্যানাবেল সাদারল্যান্ড ও জর্জিয়া ওয়ারহ্যাম একটি করে উইকেট শিকার করেন।
৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটাররা বাংলাদেশি বোলারদের ওপর শুরু থেকেই আধিপত্য বিস্তার করেন। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন জর্জিয়া ভল। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে কোনো চাপ ছাড়াই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
বাংলাদেশের হয়ে একমাত্র সাফল্য এনে দেন মারুফা আক্তার। তিনিই ম্যাচে অস্ট্রেলিয়ার একমাত্র উইকেটটি তুলে নেন।
ব্যাটিং, বোলিং—দুই বিভাগেই পিছিয়ে থাকা বাংলাদেশকে তাই বড় ব্যবধানে হার মেনে মাঠ ছাড়তে হয়েছে। অন্যদিকে দাপুটে এই জয়ে বিশ্বকাপ মিশনটা আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে নিল অস্ট্রেলিয়া।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: