চট্টগ্রামে ব্যাটিং বিপর্যয়, ১৩১ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ
চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। ব্যাটারদের দায়িত্বহীন শট নির্বাচন ও নিয়মিত বিরতিতে উইকেট পতনের মিছিলে নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগেই মাত্র ১৩১ রানে অলআউট হয়ে গেছে স্বাগতিকরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক তাওহীদ হৃদয়। শুরুটা কিছুটা ইতিবাচক মনে হলেও সেই সম্ভাবনা দ্রুতই ম্লান হয়ে যায়। দলীয় ২৬ রানে তানজিদ হাসান তামিম ১০ রান করে বিদায় নিলে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর সাইফ হাসান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ২০ রান করে ফিরে যান সাজঘরে।
মধ্যক্রমে ভরসার প্রতীক হওয়ার কথা ছিল অধিনায়ক তাওহীদ হৃদয়ের। ইনিংসের শুরুতেই একটি দৃষ্টিনন্দন ছক্কা মেরে আক্রমণাত্মক মেজাজের ইঙ্গিত দিলেও সেই সম্ভাবনা দীর্ঘস্থায়ী হয়নি। অ্যাডাম জাম্পার এক নিখুঁত ডেলিভারিতে বোল্ড হয়ে মাত্র ৮ রানেই থেমে যায় তার ইনিংস।
এরপর যেন উইকেট হারানোর প্রতিযোগিতায় নামে বাংলাদেশের ব্যাটাররা। সৌম্য সরকার ১৭, পারভেজ হোসেন ইমন ১০ এবং শামীম পাটোয়ারী মাত্র ১ রান করে ফিরলে ৭৮ রানেই ৬ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা।
অভিষিক্ত সাকলাইন কিছুটা আশা জাগানোর চেষ্টা করেছিলেন। তবে তার ইনিংসও বেশিদূর এগোয়নি। ১০ বলে ১০ রান করে তিনি বিদায় নিলে বাংলাদেশের ইনিংস আরও চাপে পড়ে। শেষদিকে রিশাদ হোসেন ৩ রান করে আউট হলে তিন অঙ্ক ছোঁয়ার আগেই ৮ উইকেট হারায় টাইগাররা।
শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩১ রানেই থামে বাংলাদেশের ইনিংস। পুরো ইনিংসে কোনো ব্যাটারই বড় জুটি গড়তে কিংবা দায়িত্বশীল ইনিংস খেলতে পারেননি। ফলে ব্যাটিংয়ের জন্য তুলনামূলক সহায়ক উইকেটেও প্রতিযোগিতামূলক সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছে স্বাগতিকরা।
এখন ম্যাচে লড়াইয়ে ফিরতে হলে বোলারদের ওপরই ভরসা রাখতে হবে বাংলাদেশকে। তবে মাত্র ১৩১ রানের পুঁজি নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলা যে মোটেও সহজ হবে না, সেটি বলাই বাহুল্য।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: