প্রথম ম্যাচেই গোল, তবুও কেন কাঁদলেন, জানালেন মেসি নিজেই
বিশ্বচ্যাম্পিয়ন তকমা ধরে রাখার লড়াইয়ে ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। কিন্তু এই ম্যাচেও তার চোখে জল দেখা গেছে। কিন্তু কেন কাঁদলেন তিনি? এই প্রশ্ন সব ভক্তের।
বুধবার (১৭ জুন) সকালে ম্যাচ শুরুর মাত্র ৫ মিনিটের মাথায় গোল পেয়ে যান মেসি। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। এর ১২ মিনিট পরই ডি পলের কাছ থেকে পাওয়া বল থেকে দারুণ এক গোল করেন মেসি। গোলের আনন্দে মেসির সতীর্থ ও গ্যালারির সমর্থকরা যখন উল্লাসে ফেটে পড়েছিলেন। তখন ক্যামেরায় আবেগপ্রবণ অবস্থায় ধরা পড়লেন এই তারকা ফুটবলার।
ক্যামেরায় মেসির চোখে জল দেখা যায়। নিজেকে অনেক কষ্টে নিয়ন্ত্রণ করেন তিনি। এ বিষয়ে ম্যাচ শেষে গণমাধ্যমে মেসি বলেন, আমি কেন কেঁদেছি, এটা ফুটবলের সঙ্গে সম্পর্কিত নয়। আমি কঠিন কিছু দিন পার করেছি, তবে আমি কৃতজ্ঞ পুরো দল এবং সতীর্থদের প্রতি। তারা সবসময় আমার পাশে ছিল, আমাকে অনেক শক্তি দিয়েছে, যাতে আমি এই সময়টা পার করতে পারি।
ফুটবলের সব অর্জন করা মেসি এদিন একটি অপূর্ণতা ঘুচিয়েছেন। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মোট তিনটি গোল করেন মেসি। বিশ্বকাপে হ্যাটট্রিক ছিল না মেসির। সেটাও পেয়ে গেলেন আজ।
শুধু তাই নয়, এই হ্যাটট্রিকের মাধ্যমে তিনি নিজেকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে জায়গা করে নিয়েছেন। একইসঙ্গে দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচ বিশ্বকাপে গোলের নজির গড়লেন। এতদিন এই রেকর্ড শুধু পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর ছিল। এখন সেই রেকর্ডে মেসির নামও যুক্ত হলো।
বিভি/এজেড



মন্তব্য করুন: