ভিসা জটিলতায় আসতে না পারা ভোজিনহার মাকে সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের
স্পেনের বিপক্ষে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ম্যাচজুড়ে একের পর এক দুর্দান্ত সেভ করে তিনি স্পেনের আক্রমণভাগকে হতাশ করেন এবং দলের জন্য স্মরণীয় ফল এনে দেন।
তবে ম্যাচ শেষে ভোজিনহার আবেগঘন এক মন্তব্য আরও বেশি আলোচনার জন্ম দেয়। তিনি জানান, ভিসা-সংক্রান্ত ব্যয় বহন করতে না পারায় তার মা যুক্তরাষ্ট্রে যেতে পারেননি। ফলে গ্যালারিতে বসে ছেলের ঐতিহাসিক পারফরম্যান্সও দেখা হয়নি তার।
ভোজিনহার এই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকের সহানুভূতি অর্জন করে। বিষয়টি যুক্তরাষ্ট্রের এক ডেমোক্র্যাট নেতার নজরেও আসে। তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর কাছে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তাদের নথিতে ভোজিনহার মায়ের কোনো ভিসা আবেদন পাওয়া যায়নি। একই সঙ্গে এক কর্মকর্তা জানান, বিশ্বকাপে অংশগ্রহণকারী খেলোয়াড়দের নিকটাত্মীয়দের জন্য ভিসা বন্ডের শর্ত শিথিল করার সুযোগ রয়েছে।
ওই কর্মকর্তা বলেন, ভোজিনহার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। তার ভাষ্য, বিশ্বকাপ সংশ্লিষ্ট খেলোয়াড়দের পরিবারের সদস্যরা বিশেষ সুবিধা পেয়ে থাকেন।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ভোজিনহার মায়ের বর্তমানে বৈধ পাসপোর্ট নেই। তিনি নতুন পাসপোর্টের জন্য আবেদন প্রক্রিয়ায় রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রচলিত নিয়ম অনুযায়ী কিছু দেশের নাগরিকদের ভিসা পেতে উল্লেখযোগ্য অঙ্কের বন্ড জমা দিতে হতে পারে, তবে বিশ্বকাপের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও তাদের নিকটাত্মীয়দের ক্ষেত্রে এ বিধান অনেকটাই শিথিল।
৪০ বছর বয়সী ভোজিনহা স্পেনের বিপক্ষে সাতটি গুরুত্বপূর্ণ সেভ করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। তার দৃঢ়তায় ইউরোপীয় চ্যাম্পিয়নদের বিপক্ষে চমকপ্রদ ফল পায় ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে।
এই সাফল্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। অল্প কয়েক দিনের মধ্যেই তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা কয়েক লাখ থেকে বেড়ে প্রায় এক কোটির কাছাকাছি পৌঁছেছে।
কেপ ভার্দে তাদের পরবর্তী ম্যাচে আগামী রোববার উরুগুয়ের মুখোমুখি হবে। এর আগে ভোজিনহার মা প্রয়োজনীয় কাগজপত্র ও ভিসা জটিলতা কাটিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারবেন কি না, সেটিই এখন সবার আগ্রহের বিষয়।
বিভি/এসজি



মন্তব্য করুন: