মেসিকে জড়িয়ে কাঁদলেন স্কালোনি, বললেন ‘তোমাকে অনেক ভালোবাসি’
কাতার বিশ্বকাপ জয়ের মুহূর্তেও খুব বেশি আবেগ দেখাননি লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচকে তখন শান্ত ও সংযতই দেখা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেছিলেন তিনি। কিন্তু এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই আবারও আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা গেল তাকে।
কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা। ম্যাচের নায়ক ছিলেন লিওনেল মেসি। দুর্দান্ত হ্যাটট্রিক করে দলকে জয় উপহার দেন আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচের ৮০তম মিনিটে মেসিকে তুলে নিকো পাজকে মাঠে নামান স্কালোনি। মাঠ ছাড়ার পর মেসি ডাগআউটে ফিরতেই তাকে জড়িয়ে ধরেন আর্জেন্টিনা কোচ। সে সময় স্কালোনির চোখে জলও দেখা যায়।
ম্যাচ শেষে সেই মুহূর্তের কথা বলতে গিয়ে স্কালোনি বলেন, “আমি তখন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। তাকে জড়িয়ে ধরেছি, চুমু খেয়েছি এবং বলেছি—আমি তোমাকে অনেক ভালোবাসি। এর বাইরে আর কী বলব, জানি না।”
এরপরই মেসির ভবিষ্যৎ নিয়ে আবেগঘন মন্তব্য করেন স্কালোনি। প্রায় ৩৯ বছর বয়সী এই তারকাকে ঘিরে অনেকেই ধারণা করেছিলেন, সব শিরোপা জয়ের পর হয়তো তিনি আর বিশ্বকাপ খেলবেন না। কিন্তু সেই জল্পনা উড়িয়ে দিয়ে বিশ্বকাপে ফিরেছেন তিনি, আর প্রথম ম্যাচেই উপহার দিয়েছেন হ্যাটট্রিক।
মেসির অবসরের প্রসঙ্গ টেনে স্কালোনি বলেন, “যেদিন সে চলে যাবে, আমরা তাকে ভীষণ মিস করব। তাই যতদিন সে আমাদের সঙ্গে আছে, তার খেলা উপভোগ করা উচিত। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
তবে শুধু স্কালোনিই নন, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মেসিও। প্রথম গোল করার পর তার চোখে জল দেখা যায়।
ম্যাচ শেষে কান্নার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মেসি বলেন, “সত্যি বলতে, এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই। ব্যক্তিগত কিছু কারণে গত কয়েকটা দিন আমার জন্য কঠিন ছিল। দলের সবাই সব সময় আমার পাশে ছিল। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে তারা আমাকে অনেক শক্তি দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”
বিভি/এজেড



মন্তব্য করুন: