• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

২০ হাজার মানুষের ভরসা একটি বাঁশের সাঁকো!

ইলিয়াছ মাহমুদ, শরীয়তপুর

প্রকাশিত: ১৬:২৪, ১৭ জুন ২০২৬

আপডেট: ১৬:২৫, ১৭ জুন ২০২৬

ফন্ট সাইজ
২০ হাজার মানুষের ভরসা একটি বাঁশের সাঁকো!

নদীর ওপর ঝুঁকিপূর্ণ একটি বাঁশের সাঁকো। আর এই সাঁকো দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন হাজারো মানুষ। বিপত্তি হলো, এই সাঁকো ছাড়া যাতায়াতের আর কোনো পথও নেই। তাই স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে কৃষক, শ্রমিক ও ব্যবসায়ী—সবারই একমাত্র ভরসা নড়বড়ে এই সাঁকো।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের পদ্মার শাখা চরমোহন নদীর ওপর নির্মিত এই বাঁশের সাঁকো ঘিরেই সাত গ্রামের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। বিকল্প ব্যবস্থা না থাকায় প্রায় ২০ হাজার মানুষ প্রতিদিন এই পথ ব্যবহার করেন। অথচ আজও এখানে নির্মিত হয়নি কোনো স্থায়ী সেতু বা কালভার্ট।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এই দুর্ভোগ চললেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। বিশেষ করে বর্ষা মৌসুমে সাঁকোটি পিচ্ছিল ও আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তখন যাতায়াত হয়ে পড়ে অত্যন্ত দুরূহ। অন্যদিকে, নদীতে পানি বৃদ্ধি পেলে দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যায়। কিন্তু বিকল্প কোনো উপায় না থাকায় বাধ্য হয়েই এই ঝুঁকিপূর্ণ সাঁকো ব্যবহার করছেন এলাকার বাসিন্দারা।

তবে এলজিইডি বলছে, মানুষের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। দ্রুত এখানে একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এলাকাবাসীর দাবি, এই নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, কমবে শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগ। একই সঙ্গে কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং স্থানীয় অর্থনীতিতেও আসবে নতুন গতি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: