শিশু ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
ছবি: মো. মোহন তালুকদার (সংগৃহীত)
শিশু ধর্ষণের অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মোহন তালুকদারকে (২৫) দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৭ জুন) মোহনগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম (মানিক) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্ত মোহন তালুকদার মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকায় আবুল কালাম আজাদের ছেলে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম (মানিক) ও সদস্য সচিব নাজমূল হুদা খান পাঠান (বাবু)-এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মোহন তালুকদারের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক গণমাধ্যমকে জানান, তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি এখন আমাদের দলের কেউ না। তার খারাপ কাজের দায় সংগঠন নেবে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিবেশী ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে মোহন তালুকদারের বিরুদ্ধে। ধর্ষণের ফলে ওই শিশুটি বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় গত ২ মে মোহনগঞ্জ থানায় আদালতের নির্দেশে ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, মোহন তালুকদার প্রাণনাশের ভয় দেখিয়ে ১০ বছরের শিশুটিকে ধর্ষণ করেন। মামলার পরপরই আত্মগোপনে চলে যান মোহন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে মোহনকে দল থেকে বহিষ্কার করা হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন গণমাধ্যমকে বলেন, মামলা হওয়ার পর থেকে আসামি পলাতক রয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
বিভি/এআই



মন্তব্য করুন: