তেঁতুলিয়ায় ৪৭৭ নারীর মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নারীর ক্ষমতায়ন এবং পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকারের পাইলটিংয়ের তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আওতায় ৪৭৭ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকালে মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে একযোগে তেঁতুলিয়া উপজেলায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলার ৭নং দেবনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে, মোসা.শুকরিয়া পারভীন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
পাইলটিংয়ের তৃতীয় পর্যায়ে পরিচালিত এ কর্মসূচির আওতায় মোট ৪৭৭ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। সুবিধাভোগীরা মূলত ৮নং ওয়ার্ডের টটুয়াপাড়া, মানিকডোবা, হাটুপাড়া, সরকারপাড়া, ঝাড়বাড়ী ও মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা।
কার্ড পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আফিয়া বেগম। তিনি বলেন, বাবু, কতো সরকার আসিলো গেইলো, কাহো একটা কার্ডও দেয় নাই। এই প্রথম হামরা একটা কার্ড পাইলাম। শুনছি এই কার্ড দিয়া টাকা উঠা যাবে। মুই অনেক খুশি।
একই ধরনের অনুভূতি প্রকাশ করেন ঝাড়বাড়ী গ্রামের রাবেয়া খাতুন। তিনি বলেন, আগে কুনোদিন এই রকম সুবিধা পাই নাই। সরকার হামার নাম দিছে, কার্ড দিছে। এই কার্ড দিয়া যদি টাকা উঠা যায়, তয় হামার অনেক উপকার হইবে। মুই খুব খুশি।
বিভি/এআই



মন্তব্য করুন: