বৃষ্টির মধ্যে খেলতে গিয়ে বজ্রপাতে নিহত দুই শিশু
ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের পূর্ব বসন্তপুর গ্রামে বজ্রপাতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টা ২০ মিনিট থেকে ৩টা ৪০ মিনিটের মধ্যে পূর্ব বসন্তপুর গ্রামের আবুল হোসেনের বাড়ির আঙিনায় অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল আবির হোসেন (৭) ও নাদিয়া আক্তার (১০)। এ সময় বৃষ্টি ও বজ্রসহ ঝড়ো আবহাওয়ার মধ্যে হঠাৎ একটি শক্তিশালী বজ্রপাত তাদের ওপর আঘাত হানে। এতে দুই শিশু গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নাদিয়া আক্তারকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আবির হোসেন বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মারা যায়।
নিহত নাদিয়া আক্তার পূর্ব বসন্তপুর গ্রামের মো. শহীদের মেয়ে। সে আবুল হোসেনের বাড়িতে বসবাস করত। অপরদিকে নিহত আবির হোসেন ছাগলনাইয়া উপজেলার মনুরহাট এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, সে নানার বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হয়।
আকস্মিক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. মিজানুর রহমান জানান, প্রাকৃতিক দুর্যোগজনিত এ মর্মান্তিক ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: