• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

প্রবাসের মাটিতে শহীদ জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা

ইয়াছির আরাফাত, প্যারিস, ফ্রান্স

প্রকাশিত: ১৯:০৮, ১০ জুন ২০২৬

ফন্ট সাইজ
প্রবাসের মাটিতে শহীদ জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা

হাজার মাইল দূরে প্রবাসের মাটিতে থেকেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে একত্রিত হন ফ্রান্সে বসবাসরত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাজধানী প্যারিসে আয়োজন করা হয় দোয়া মাহফিল ও আলোচনা সভা।

প্যারিসের সোনার বাংলা রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে ফ্রান্সের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিএনপি, যুবদল এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স যুবদলের সহ-সভাপতি বাছিত হোসেন। যৌথভাবে সঞ্চালনা করেন যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ এবং জিয়া সাইবার ফোর্স ফ্রান্সের সিনিয়র সহ-সভাপতি কায়সার আহমেদ। স্বাগত বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মামুন। দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ। তিনি বলেন, স্বাধীনতা-পরবর্তী কঠিন সময়ে জিয়াউর রহমান দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন। তার রাষ্ট্রচিন্তা ছিল আত্মনির্ভরশীল ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিবেদিত।

প্রধান বক্তা ফ্রান্স বিএনপি নেতা ইকবাল হুসাইন আলী বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং জনগণের ক্ষমতায়নের দর্শনই ছিল শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শের মূল ভিত্তি। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাঁর চিন্তাধারা এখনও সমানভাবে প্রাসঙ্গিক বলে তিনি মন্তব্য করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নজির উদ্দিন যসরী, সোহাগ মুহাম্মদ ইয়াসিন, জিসাদ রহমান, জমির আলী সাহেদ ও ইরশাদ হুসাইন। বক্তারা বলেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনগণের কল্যাণে কাজ করার যে রাজনৈতিক সংস্কৃতি জিয়াউর রহমান প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন, তা নতুন প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।

তারা আরও উল্লেখ করেন, কৃষি উন্নয়ন, গ্রামীণ অর্থনীতির বিকাশ, উৎপাদনমুখী কর্মসংস্থান এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে তার অবদান দেশের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিএনপি নেতা সালেহ আহমেদ, কামরুল হোসেন, মুহাম্মদ মুয়াজ্জিন হোসেন, নজির আহমেদ, কাতার বিএনপি নেতা সাইফুল ইসলাম, ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ সুমন আমিন ও ফয়সল আহমেদ, দফতর সম্পাদক মাসুদ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জিয়া সাইবার ফোর্সের সিনিয়র যুগ্ম সম্পাদক ওয়াদুদ আহমদ বাপ্পিসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির প্রয়াত নেতাকর্মী এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করা হয়।

সভা শেষে অংশগ্রহণকারীরা বলেন, ভৌগোলিক দূরত্ব তাদের দেশের ইতিহাস ও জাতীয়তাবাদী চেতনা থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। ভবিষ্যতেও প্রবাসে এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, কর্ম ও আদর্শ তুলে ধরা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: