বাংলাদেশিসহ জর্ডানে অবৈধভাবে বসবাসরত সকল প্রবাসীর জন্য সুখবর
অনলাইন
জর্ডান সরকার দেশটিতে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা (অ্যামনেস্টি) ঘোষণা করেছে। এ সুবিধার আওতায় অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা কোনো ধরনের জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন।
পাশাপাশি নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে জর্ডানে থেকে কাজ চালিয়ে যাওয়া, কর্মস্থল পরিবর্তন এবং নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করার সুযোগও পাবেন তারা।
বুধবার (১৭ জুন) সন্ধ্যায় জর্ডানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জর্ডান সরকারের এ সাধারণ ক্ষমার আওতায় প্রবাসী শ্রমিকরা জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরত যেতে পারবেন। শর্ত পূরণ সাপেক্ষে দেশটিতে অবস্থান করে কাজ করা, কর্মস্থল পরিবর্তন এবং নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করার সুযোগ থাকবে। ভ্রমণ ভিসায় আগত ব্যক্তিরা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন বলেও জানানো হয়েছে।
গৃহকর্মীসহ বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্তসাপেক্ষে নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করার সুযোগ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সাধারণ ক্ষমার আওতায় সুবিধা গ্রহণের বিস্তারিত শর্তাবলি চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছে দূতাবাস।
এদিকে বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের দালাল ও মধ্যস্বত্বভোগীদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। যেকোনো ধরনের সুবিধা গ্রহণের ক্ষেত্রে সরাসরি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে প্রতারণা এড়ানো যায়।
জর্ডানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য এ ঘোষণা গুরুত্বপূর্ণ স্বস্তি বয়ে আনবে বলে মনে করা হচ্ছে। দেশটিতে বর্তমানে প্রায় ৬৫ হাজার থেকে ৯০ হাজার বাংলাদেশি প্রবাসী রয়েছেন বলে ধারণা করা হয়। এর মধ্যে একটি বড় অংশ নারী কর্মী, যারা মূলত পোশাক শিল্প খাতে কর্মরত।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বিওইএসএল)-এর তথ্য অনুযায়ী, জর্ডানের পোশাক শিল্পে প্রায় ৩০ হাজার বাংলাদেশি নারী শ্রমিক কাজ করছেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: