হোয়াইট হাউজে হামলার ছক ভেস্তে দিলো এফবিআই, গ্রেফতার ৫
হোয়াইট হাউজে আয়োজিত একটি ইউএফসি অনুষ্ঠানকে ঘিরে বড় ধরনের হামলার পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা-এফবিআই। মঙ্গলবার (১৬ জুন) মার্কিন বিচার বিভাগ (ডিওজে) জানায়, এ ঘটনায় চারটি অঙ্গরাজ্য থেকে পাঁচজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্টদের অভিযোগ, হামলাকারীরা প্রথমে বিস্ফোরকবাহী ড্রোনের মাধ্যমে আশপাশের স্থাপনায় আঘাত হানার পরিকল্পনা করেছিল। এরপর বিশৃঙ্খলার মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালানো এবং আতঙ্কিত জনতাকে পূর্বনির্ধারিত স্নাইপার অবস্থানের দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনাও ছিল। একই সঙ্গে আরেকটি দল হোয়াইট হাউসের প্রধান ফটকে হামলার প্রস্তুতি নিচ্ছিলো বলেও অভিযোগ রয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন-ওহাইওর টাইসেন সি প্রোপার (১৯), ক্যালিফোর্নিয়ার ব্রায়ান ওমর রোয়া (২৪) ও মাইকেল অ্যালান থমাস (৩২), মিসৌরির ড্যানিয়েল কে এস্ক্রিজ (৩২) এবং নেব্রাস্কার আব্রাহাম হারমোসিলো আলভারেজ (৩১)। তাদের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও জনপ্রতিনিধির নাম ছিল। যদিও সবাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
তদন্তে উঠে এসেছে, টাইসেন প্রোপারের মায়ের দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রথম সূত্র পাওয়া যায়। গত ১০ জুন তিনি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে জানান, তার ছেলে বিপুল পরিমাণ অস্ত্র কিনছে এবং অনলাইনে সাবেক সামরিক সদস্য ও একটি খ্রিস্টানভিত্তিক গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করছে, যা তাকে উদ্বিগ্ন করে তোলে।
এফবিআইয়ের তথ্য অনুযায়ী, অভিযুক্তরা নিজেদের দেশপ্রেমিক হিসেবে দাবি করলেও তারা মনে করত যুক্তরাষ্ট্র ভুল পথে পরিচালিত হচ্ছে এবং বিদ্যমান রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। সরকারি দুর্নীতি, এপস্টাইন-সংক্রান্ত নথি, ডেটা সেন্টারের কারণে সৃষ্ট স্থানীয় জলসংকটসহ বিভিন্ন ইস্যু নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেছিল।
তদন্তকারীরা জানান, প্রথমে টিকটকের ‘ভ্যানগার্ড অব দ্য ওল্ড’ নামের একটি গ্রুপের মাধ্যমে তাদের যোগাযোগ শুরু হয়। পরে তারা এনক্রিপটেড মেসেজিং অ্যাপ সিগন্যাল ব্যবহার করে ছোট ছোট দলে পরিকল্পনা নিয়ে আলোচনা চালায়।
ডিওজের দাবি, আব্রাহাম আলভারেজ পুরো পরিকল্পনার সমন্বয়ক হিসেবে কাজ করছিলেন এবং ড্রোন-সংক্রান্ত কার্যক্রম তদারক করছিলেন। অভিযুক্তরা ওয়াশিংটনের মানচিত্রে সম্ভাব্য স্নাইপার পজিশন, ড্রোন উড্ডয়ন এলাকা এবং বিদ্যুৎ অবকাঠামোর অবস্থানও চিহ্নিত করেছিল।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানান, হামলাটি কার্যকর হওয়ার আগেই তা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত মন্তব্য থেকে বিরত থাকেন সিক্রেট সার্ভিসের উপপরিচালক ম্যাট কুইন।
অন্যদিকে, জি-৭ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি এ ধরনের কোনো তথ্য আগে শোনেননি।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ইউএফসির বিশেষ এই অনুষ্ঠানটি হোয়াইট হাউসের সাউথ লনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ৪ হাজার ৩০০ আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন এবং আশপাশে আরও প্রায় ৮৫ হাজার মানুষ তা উপভোগ করেন।
দোষী প্রমাণিত হলে প্রত্যেক অভিযুক্তের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। এছাড়া টাইসেন প্রোপারের বিরুদ্ধে হোয়াইট হাউস চত্বরে সহিংসতা উসকে দেওয়ার অতিরিক্ত অভিযোগও আনা হয়েছে। মামলার প্রাথমিক শুনানি আগামী ২৯ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট
বিভি/এসজি



মন্তব্য করুন: