• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

ইমারাতে ইসলামিয়ার অধীনে যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে আফগান ব্যাংকিং খাত

প্রকাশিত: ১৫:১০, ১৭ জুন ২০২৬

ফন্ট সাইজ
ইমারাতে ইসলামিয়ার অধীনে যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে আফগান ব্যাংকিং খাত

অর্থনৈতিক স্থিতিশীলতার অন্যতম প্রধান ভিত্তি হলো শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা। একটি দেশের আর্থিক নিরাপত্তা, বিনিয়োগ ও টেকসই উন্নয়নে ব্যাংকিং খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই খাতে আস্থা কমে গেলে বা অস্থিরতা তৈরি হলে এর প্রভাব পড়ে পুরো অর্থনীতিতে।

গত কয়েক দশকে রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক চাপ ও বিভিন্ন অর্থনৈতিক বিধিনিষেধের কারণে আফগানিস্তান বড় ধরনের আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এসব পরিস্থিতি দেশটির ব্যাংকিং অবকাঠামোর ওপরও প্রভাব ফেলে।

তবে ইমারাতে ইসলামিয়া পুনরায় ক্ষমতায় আসার পর ব্যাংকিং খাতকে স্থিতিশীল রাখতে বেশ কিছু পদক্ষেপ ও সংস্কার গ্রহণ করেছে। সংশ্লিষ্টদের দাবি, কঠিন পরিস্থিতি সত্ত্বেও এসব উদ্যোগ আফগানিস্তানের আর্থিক ব্যবস্থাকে বড় ধরনের সংকট থেকে রক্ষা করেছে।

আজিজি ব্যাংকের প্রধান মিরওয়াইস আজিজি এক সাক্ষাৎকারে বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের মধ্যেও আফগানিস্তানের ব্যাংকিং খাত উল্লেখযোগ্য স্থিতিশীলতা ধরে রেখেছে। তার মতে, দেশটির ব্যাংকিং ব্যবস্থা যেভাবে পরিচালিত হয়েছে, তা আন্তর্জাতিক মহলের অনেকের কাছেই বিস্ময়ের বিষয়।

বিশেষজ্ঞদের মতে, ব্যাংকিং ব্যবস্থা একটি দেশের অর্থনীতির রক্তসঞ্চালন ব্যবস্থার মতো। মানুষের সঞ্চয়, ব্যবসায়িক বিনিয়োগ ও আর্থিক লেনদেনের বড় অংশই এর ওপর নির্ভরশীল। তাই ব্যাংকের প্রতি জনগণের আস্থা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত কয়েক বছরে আফগানিস্তানের ব্যাংকিং খাতে জাতীয় মুদ্রার স্থিতিশীলতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা এবং আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার মতো কিছু অগ্রগতি দেখা গেছে। এসব পদক্ষেপ বাজারে আস্থা বাড়াতে ভূমিকা রেখেছে।

বর্তমানে দেশটির ব্যাংকিং সেবা সচল রয়েছে এবং নাগরিকরা নিয়মিতভাবে এসব সেবা ব্যবহার করছেন। আমানতকারীদের আস্থা বৃদ্ধি বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে সহায়ক হচ্ছে।

তবে ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী করতে আর্থিক সংস্কার, বিনিয়োগ সহজীকরণ এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।

পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতিতে সংকট মোকাবিলায় একটি স্থিতিশীল ব্যাংকিং ব্যবস্থা অপরিহার্য। আফগানিস্তানের অভিজ্ঞতা দেখিয়েছে, কঠিন পরিস্থিতিতেও কার্যকর ব্যবস্থাপনা ও ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে আর্থিক কাঠামোকে টিকিয়ে রাখা সম্ভব। সূত্র: হুরিয়াত রেডিও/ইনসাফ টুয়েন্টি ফোর

মন্তব্য করুন: