কঙ্গোয় ভয়ঙ্কর আকার নিয়েছে ইবোলা!
ছবি: রয়টার্স
মধ্য আফ্রিকার দেশ ডিআর কঙ্গোয় প্রাণঘাতি ভাইরাস ইবোলার প্রাদুর্ভাব ভয়ঙ্কর আকার নিয়েছে। জাতিসংঘের হিসাবে এক মাসে অন্তত ১৯৬ জনের মৃত্যু আর আটশতাধিক মানুষের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। পরিস্থিতি আরও গুরুতর আকার নেয়ার আশঙ্কা করছে আফ্রিকা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র-সিডিসি।
ইতুরি প্রদেশে প্রায় এক মাস আগে ইবোলার বিরল বুন্দিবুগিও প্রজাতির প্রাদুর্ভাব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। যেখানে প্রাণহানি এরইমধ্যে ১৪০ ছাড়িয়েছে। গত ১৫ মে প্রথমবার কঙ্গোয় ইবোলা সংক্রমণের কথা জানা যায়। এরপর যতোই দিন যাচ্ছে ব্যাপক সংক্রমণ আর মৃত্যুতে পরিস্থিতি চরম ভীতিকর হয়ে উঠছে।
এবিষয়ে জরুরি সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। পরিস্থিতি এতোটাই নাজুক যে আফ্রিকায় ইবোলা পরিস্থিতি সর্বকালের রেকর্ড ভেঙে দেবে বলে আশঙ্কা করছে আফ্রিকা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র-সিডিসি পরিচালক জ্যঁ কাসায়া। উদ্বেগ প্রকাশ করে আট শতাধিক মানুষ ইবোলায় আক্রান্তের খবর নিশ্চিত করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক। দেশটির পূর্বাঞ্চলে বিদ্রোহী আর সরকারি বাহিনীর পাল্টাপাল্টি সহিংসতার কারণে ইবোলার বিস্তার নিয়ন্ত্রণ আর জরুরি চিকিৎসা কার্যক্রম ব্যহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
ইবোলায় আক্রান্ত হলে হঠাৎ তীব্র জ্বর ও অতিরিক্ত দুর্বলতা, পেশিতে ব্যথা, মাথাব্যথা, গলা ব্যথা, বমি, ডায়রিয়া আর পেট ব্যথায় লক্ষণ প্রকাশ পায়।পরে নাক বা মুখ দিয়ে তীব্র অভ্যন্তরীণ ও বাহ্যিক রক্তক্ষরণ হতে পারে। সূত্র: রয়টার্স
বিভি/এমআর



মন্তব্য করুন: