নরসিংদীতে জাতীয় কবি কাজী নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন
নরসিংদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার (২৪ মে) বিকেলে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার রুলা লায়লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন নরসিংদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাওয়ার্দী এবং কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবীর।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাম্য, মানবতা ও বিদ্রোহের প্রতীক কবি নজরুলের সাহিত্য ও সংগীত আজও মানুষকে অনুপ্রাণিত করে। নতুন প্রজন্মের কাছে নজরুলচর্চা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা বাঙালির চিরন্তন প্রেরণার উৎস। বিদ্রোহ, সাম্য ও মানবতার বার্তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
আলোচনা সভা শেষে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা অংশ নেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: