• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

ছেঁড়া শাড়ি, কাঁধে পুটুলি: কণ্ঠের জাদুতে ভাইরাল লাইলী

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:১০, ২ জুন ২০২৬

ফন্ট সাইজ
ছেঁড়া শাড়ি, কাঁধে পুটুলি: কণ্ঠের জাদুতে ভাইরাল লাইলী

পরনে ছেঁড়া শাড়ি, কাঁধে ঝুলছে ছোট্ট পুটুলি। এলোমেলো চুল, মুখে জীবনের কষ্টের ছাপ। দেখলে হয়তো অনেকেই পাশ কাটিয়ে চলে যেতেন। কিন্তু সেই মানুষটিই তার কণ্ঠের জাদুতে মুগ্ধ করছেন হাজারো মানুষকে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ফরিদপুরের লাইলী বেগম এখন প্রশংসায় ভাসছেন দেশজুড়ে। শুধু নেটিজেনদের আলোচনাতেই তিনি সীমাবন্ধ নেই; সরকারি দপ্তর থেকে রাজনৈতিক মহল সবাই এখন তার খোঁজখবর নিচ্ছে। 

ভবঘুরে সহজাত শিল্পী লাইলী বেগমের বয়স ৬০। শহরের আলীমুজ্জামান ব্রীজের বিসর্জন ঘাটের পাশে একটি ছাপড়া ঘরে থাকেন। স্বামী দ্বিতীয় বিয়ে করায় ঘর ছেড়ে চলে এসেছেন এখানে। শহরের অলিগলি, হাটবাজার কিংবা মেলার মাঠ যেখানেই সুযোগ পেয়েছেন, সেখানেই গান গেয়েছেন তিনি। কখনো লোকগান, কখনো লালন, কখনো আবার নজরুলসংগীত। কিন্তু দারিদ্র্য আর জীর্ণ পোশাকের কারণে অনেক সময় অপমানও সহ্য করতে হয়েছে তাকে। 

গত ২৪ মে ফরিদপুরের ময়েজমঞ্জিলে নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে তার কণ্ঠে ‘নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই বদলে যায় সবকিছু। রাতারাতি আলোচনায় চলে আসেন এই ভবঘুরে শিল্পী। এখন রাস্তায় দেখা হলেই মানুষ অনুরোধ করেন একটু গান শোনাতে।

লাইলী বেগমের পৈত্রিক বাড়ি নাটোরে। ছোটবেলায় হারিয়েছেন নিজের মা-বাবাকে। ফরিদপুরে পালক মায়ের স্নেহে বড় হওয়া এই নারী সেখান থেকেই গান শেখার হাতেখড়ি পান। জীবনের নানা ঝড়ঝাপটা পেরিয়ে শেষ পর্যন্ত গানকেই বেছে নিয়েছেন সঙ্গী হিসেবে।

জেলা প্রশাসন থেকে শুরু করে সংস্কৃতি অঙ্গনের মানুষও এখন খোঁজ নিচ্ছেন তার। তবে লাইলীর কাছে সবচেয়ে বড় পরিচয়- গান। তার ভাষায়, গানই মানুষের আত্মার খোরাক যোগায়।

বিভি/এসজি

মন্তব্য করুন: