খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ মৃধা কারাগারে
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামে একটি গরু উপহার দেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসা মো. সোহাগ মৃধা (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। মারামারি, হত্যাচেষ্টা, নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনের মামলায় তাকে আটক করা হয়।
রবিবার (১৪ জুন) তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতার হওয়া সোহাগ মৃধা উপজেলার ৩ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেন মৃধার ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ জুন বিকালে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। বিকাল সাড়ে ৪টার দিকে সারমিন সুলতানা, তার স্বামী শাহরিয়ার আহম্মেদ এবং ননদ মাহিনুর বেগম নিজ বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে সোহাগ মৃধাসহ কয়েকজন অভিযুক্ত তাদের বাড়িতে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, হামলাকারীরা শাহরিয়ার আহম্মেদকে টেনে-হিঁচড়ে বাড়ির উঠানে নিয়ে মারধর করে। একপর্যায়ে সোহাগ মৃধা ধারালো দা দিয়ে তার মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে তিনি সরে গেলে আঘাতটি বাম চোখের ভ্রুর ওপর লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
স্বামীকে রক্ষার চেষ্টা করলে সারমিন সুলতানা ও মাহিনুর বেগমও হামলার শিকার হন। অভিযোগে বলা হয়েছে, হামলার সময় মাহিনুর বেগমের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। একই সঙ্গে দুই নারীর শ্লীলতাহানির ঘটনাও ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় মির্জাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্ত করছেন থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ দাস।
পুলিশ জানিয়েছে, সোহাগ মৃধার অপরাধসংক্রান্ত তথ্য যাচাই করে তার বিরুদ্ধে মারামারি, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি, মাদক এবং চুরিসহ একাধিক মামলা বিচারাধীন থাকার তথ্য পাওয়া গেছে।
মির্জাগঞ্জ থানার পুলিশ জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিভি/টিটি



মন্তব্য করুন: