মাটি-খড়ে গড়া মেসি, একনজর দেখতে ভিড়
আর্জেন্টিনা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, গাইবান্ধার এক প্রত্যন্ত গ্রামে দেখা মিলেছে লিওনেল মেসির! এমন খবর পেয়ে মেসিকে একনজর দেখতে ছুটে আসছেন ভক্তরা। তবে এই মেসি সেই মেসি নয়। মাটি, খড় আর তুলির আঁচড়ে তৈরি করা বিশ্বখ্যাত লিওনেল মেসির অবয়ব। আর এই অবয়ব গড়ে তুলেছেন আর্জেন্টিার এক অন্ধ ভক্ত।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছোট দুর্গাপুর গ্রামের মৃৎশিল্পী ধনঞ্জয় মোহন্ত রাজু। দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে দেব-দেবীর মূর্তি তৈরির কাজ করেন। তবে ফুটবল জাদুকর লিওনেল মেসির প্রতি ভালোবাসা থেকেই মাটি ও খড় দিয়ে মাত্র ছয় দিনে তৈরি করেছেন প্রিয় তারকার ভাস্কর্য।
শিল্পী রাজুর সুক্ষ্ম কারুকাজে ফুটে উঠেছে মেসির সুন্দর অবয়ব। ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক তিনি। বিশেষ করে মেসির খেলা তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। সেই ভালোবাসা থেকেই প্রিয় খেলোয়াড়কে নিজের হাতে গড়ে তোলার চেষ্টা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে রাজুর তৈরি ভাস্কর্য।
মাটি আর খড়ের মতো সাধারণ উপকরণ দিয়েও প্রিয় খোলোয়ারের যে অসাধারণ শিল্পকর্ম সৃষ্টি করা যায়, তারই প্রমাণ দিয়েছেন শিল্পী রাজু। তার তৈরি মেসির এই শিল্পকর্মকে ঘিরেই এখন গোবিন্দগঞ্জের ছোট গ্রামটি হয়ে উঠেছে মেসি ভক্তদের নতুন আকর্ষণের কেন্দ্র।
বিভি/এসজি



মন্তব্য করুন: